দক্ষিণ কোরিয়ার আকাশে মার্কিন স্টিলথ বোমারু বিমান
দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ায় বি-২ স্টিলথ বোমারু বিমান আকাশে উড়িয়েছে যুক্তরাষ্ট্র।উত্তর কোরিয়ার হামলার হুমকির পাল্টা জবাবে যুক্তরাষ্ট্র এ বিমান ওড়ালো বলেই মনে করা হচ্ছে।
দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ায় বি-২ স্টিলথ বোমারু বিমান আকাশে উড়িয়েছে যুক্তরাষ্ট্র।উত্তর কোরিয়ার হামলার হুমকির পাল্টা জবাবে যুক্তরাষ্ট্র এ বিমান ওড়ালো বলেই মনে করা হচ্ছে।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানায়, মিসৌরি অঙ্গরাজ্যের বিমান ঘাঁটি থেকে দুটি বি-২ বা স্টিলথ বোমারু বিমান সামরিক মহড়ায় অংশ নিতে দক্ষিণ কোরিয়ায় উড়ে গেছে।
এই বোমারু বিমান যুক্তরাষ্ট্রের জন্য দূরপাল্লার যুদ্ধ-ক্ষমতার প্রমাণ বলে জানিয়েছে দেশটি। এ বিমান মিত্রদেশ দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষায়ও সক্ষম বলে জানানো হয়েছে মার্কিন এক সামরিক বিবৃতিতে।
এতে আরো বলা হয়, বিমান দুটি মিসৌরির হোয়াইটম্যান ঘাঁটি থেকে উড্ডয়নের পর কোথাও না থেমে হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে কোরিয় উপদ্বীপ হয়ে গন্তব্যে ফিরেছে।
যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপ উত্তর কোরিয়াকে আরো ক্ষুব্ধ করবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।
উত্তর কোরিয়া কিছুদিন আগেই দক্ষিণ কোরিয়ার আকাশে মার্কিন বি-৫২ পরমাণু বোমারু বিমান ওড়ানোর প্রতিবাদে জাপান ও প্রশান্ত মহাসাগর এলাকায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালানোর হুমকি দেয়।
এরই পাল্টা জবাবে বি-২ স্টিলথ বোমারু বিমান উড়িয়ে শক্তি জানান দিল যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়াকে কোরিয়া উপদ্বীপে যুদ্ধের পাঁয়তারা আখ্যা দিয়ে উত্তর কোরিয়া তাদের সামরিক বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত রেখেছে।
তবে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে তাদের সামরিক মহড়া আক্রমণাত্মক নয় বরং প্রতিরক্ষামূলক বলেই দাবি করে আসছে।
