অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির দ্বারপ্রান্তে জাতিসংঘ
অস্ত্র ব্যবহার করে সংঘটিত সহিংসতায় বিশ্বে প্রতি মিনিটে একজন মানুষের মৃত্যু ঠেকাতে প্রচলিত অস্ত্র ও গোলাবারুদের নিয়ন্ত্রণহীন বাণিজ্যের রাশ টেনে ধরার লক্ষ্যে বুধবার একটি আন্তর্জাতিক অস্ত্র বাণিজ্য নিয়ন্ত্রণ চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছেছে জাতিসংঘ সদস্য দেশগুলো।
যদিও মানবাধিকার বিভিন্ন গোষ্ঠী এবং জাতিসংঘ প্রতিনিধিদের অনেকেই বলছে, ভারত, ইরান ও অন্যান্যরা এখনো এ চুক্তি আটকে দিতে পারে।
জাতিসংঘ সদস্যদেশগুলো গত সপ্তাহে আন্তর্জাতিক অস্ত্র বাণিজ্য নিয়ন্ত্রণ চুক্তি করা নিয়ে চূড়ান্ত আলোচনায় বসে এবং চুক্তির একটি খসড়াও পেশ করে।
বৃহস্পতিবার ওই খসড়া নিয়ে চূড়ান্ত সম্মেলন হওয়ার কথা এবং এ সম্মেলনে সর্বসম্মতভাবে একটি চুক্তি হওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেছেন প্রতিনিধিরা।
তবে তারা এ ব্যাপারেও সতর্ক করেছেন যে, ভারত, সিরিয়া ও ইরান এ চুক্তির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউরোপীয় কূটনীতিক এ সতর্কবার্তা দেন। কিন্তু তারপরও চুক্তি হবে বলেই আশা প্রকাশ করেন তিনি।
ওই তিন দেশ খসড়া চুক্তিকে সমর্থন দেয়ার ব্যাপারে চাপের মুখে আছে বলেই জানিয়েছেন দূতরা।
