বিশ্ব খাদ্যমূল্য কমেছে: বিশ্বব্যাংক
সম্প্রতি কয়েকমাসে বিশ্ব খাদ্যমূল্য কমে এসেছে।গম ও অন্যান্য খাদ্যশস্যের চাহিদা কমে যাওয়া এবং সরবরাহ বাড়ায় খাদ্যমূল্য কমেছে বলে জানিয়েছে বিশ্ব ব্যাংক।
তবে খাদ্যের রেকর্ড উচ্চমূল্য থেকে এ মূল্যহ্রাস খুব বেশি নয় বলেও সতর্ক করেছে সংস্থাটি।
বিশ্বব্যাংকের খাদ্যমূল্য সূচকে দেখা গেছে, গমের আন্তর্জাতিক বাজারমূল্য ১১ শতাংশ কমেছে। চিনির মূল্য কমেছে ১০ শতাংশ এবং ভূট্টার মূল্য ২০১২ সালের অক্টোবর থেকে ২০১৩ সালের ফ্রেব্রুয়ারি পর্যন্ত ৪ মাস সময়ে কমেছে ৬ শতাংশ।
দারিদ্র বিমোচনে কাজ করে যাওয়া প্রতিষ্ঠানগুলো বলেছে, যুক্তরাষ্ট্রে গম ও অন্যান্য খাদ্যশস্যের চাহিদা অনেকখানি কমে আসাতে খাদ্যমূল্য নেমে এসেছে।তাছাড়া, কিছু কিছু অঞ্চলে শস্যউৎপাদনের অনুকূল আবহওয়ার কারণেও এ বছর খাদ্যশস্য সরবরাহ ভাল হওয়ার আশা জেগে উঠেছে।
তবে খাদ্যশস্যের এ মূল্যহ্রাস ২০১২ সালের অগাস্টে খাদ্যের রেকর্ড উচ্চমূল্যের মাত্র ৯ শতাংশ বলে জানিয়েছে বিশ্বব্যাংক।
সংস্থাটি বলেছে, এর মানে হচ্ছে, খাদ্যমূল্য নেমে আসতে থাকলেও প্রকৃতপক্ষে বিশ্বে খাদ্যমূল্য এখনো অনেক বেশি।
যুক্তরাস্ট্রে খরা এবং আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ায় অনাবৃষ্টির কারণে আগামী দিনগুলোতে খাদ্য সরবরাহ নিয়েও সংশয় রয়েছে বলেও বিশ্বব্যাংক উদ্বেগ প্রকাশ করেছে।তাছাড়া, কয়েকমাসে তেলের দাম বাড়ায় পরিবহণ খরচ বেড়ে খাদ্যমূল্যে এর প্রভাব পড়ারও আশঙ্কা করা হচ্ছে।
