২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে ৫ বছরে সন্ত্রাসী হামলায় নিহত ১২ সহস্রাধিক

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও পার্বত্যাঞ্চলগুলোতে ২০০৮ সাল থেকে বিভিন্ন সন্ত্রাসী হামলায় এ পর্যন্ত ১২ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

. .

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2013, 06:01 AM

Updated : 25 Apr 2022, 06:32 PM

নিহতদের মধ্যে সাধারণ মানুষ থেকে শুরু করে সেনা, আধাসামরিক বাহিনীর সদস্য, পুলিশ এবং জঙ্গি-সন্ত্রাসীও রয়েছে।

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা দেশটির সর্বোচ্চ আদালতকে মঙ্গলবার এই তথ্য জানিয়েছে।

এই ৫ বছরে ওই অঞ্চলগুলোতে ২৩৫টি আত্মঘাতী হামলা, ৯ হাজার ২৫৭টি রকেট হামলা, ৪ হাজার ২৫৬টি বোমা হামলার ঘটনা এবং নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলা-অভিযানে এই বিপুল সংখ্যক মানুষ নিহত হয়েছে বলেও গোয়েন্দা সংস্থাটি উল্লেখ করেছে।

সংস্থাটি এ সংক্রান্ত প্রতিবেদনটি দেশটির সুপ্রিম কোর্টের ৩ সদস্যের বেঞ্চে দাখিল করেছে। এই বেঞ্চের প্রধান হিসেবে রয়েছেন পাকিস্তানের প্রধান বিচারপতি ইফতেখার মাহমুদ চৌধুরী।

একটি পিটিশনের শুনানির পরিপ্রেক্ষিতে গোয়েন্দা সংস্থা তাদের প্রতিবেদন দাখিল করে।

৫ বছরে ওইসব হামলায় ৫ হাজার ১৫২ জন বেসামরিক মানুষ, ১ হাজার ৪৮৯ জন সেনা, ৬৭৫ জন আধাসামরিক বাহিনীর সদস্য এবং ১ হাজার ৭১৭ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এই সময়ে লস্কর গোত্রের ২৪৩ জন নিহত ও ২৭৫ জন আহত হয়েছেন। পাশাপাশি এসব হামলায় ৯৯৫টি স্কুল ও ৩৫টি কলেজও ধ্বংস হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, সন্ত্রাস ও জঙ্গি তৎপরতা বন্ধে নিরাপত্তা বাহিনী ওই সময়ে ৪৭৫টি বড় ধরনের অভিযান ও ১৩৫টি ছোট পরিসরের অভিযান চালিয়েছে। জঙ্গি-সন্ত্রাসীর খোঁজে ৬ হাজার অভিযান চালানো হয়েছে।

এসব অভিযানে ৩ হাজার ৫১জন জঙ্গি নিহত হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।