২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণের সঙ্গে সব যোগাযোগ ছিন্ন উত্তর কোরিয়ার

কোরিয়া উপদ্বীপে চরম উত্তেজনার মধ্যে বুধবার দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক হটলাইন ছিন্ন করার ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া।দু’দেশের মধ্যে এটিই সরাসরি যোগাযোগের সর্বশেষ চ্যানেল।

রয়টার্স

.

রয়টার্স

Published : 27 Mar 2013, 09:56 AM

Updated : 25 Apr 2022, 06:32 PM

উত্তর কোরিয়ার অংশে দু’দেশের যৌথ শিল্প এলাকা কায়েসং এ দক্ষিণ কোরিয়ার কর্মীদের ভ্রমণের জন্য এ সামরিক যোগাযোগ ব্যবস্থা চালু করা হয়।

উত্তর কোরিয়া এর আগে দক্ষিণের সঙ্গে আরো দুটি হটলাইট ছিন্ন করার পর এবার এটিও ছিন্ন করার ঘোষণা দিল।

যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়াকে কয়েকদিন ধরে ক্রমাগত পরমাণু হামলার হুমকি দিয়ে আসার পর উত্তর কোরিয়া বুধবার বলেছে, ‘যে কোনো সময়’ যুদ্ধ শুরু হতে পারে। একারণে হটলাইন ছিন্ন করছে তারা।

১২ ফেব্রুয়ারিতে পরমাণু পরীক্ষা চালানোর পর নতুন করে আরোপিত জাতিসংঘ নিষেধাজ্ঞা এবং যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ায় ক্ষুব্ধ উত্তর কোরিয়া সম্প্রতি কয়েক সপ্তাহে কয়েকবার হামলার হুমকি দিয়েছে।

মঙ্গলবার উত্তর কোরিয়া তাদের গোলন্দাজ এবং রকেট ইউনিটগুলোকে প্রথম শ্রেণীর যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশও দেয়।

এর আগে দেশটি যুক্তরাষ্ট্রে আগাম পরমাণু হামলা চালানোর হুমকি দেয়াসহ কোরীয় যুদ্ধের সময়কার যুদ্ধবিরতি চুক্তি থেকে বেরিয়ে আসারও ঘোষণা দেয়।

একই সময়ে দক্ষিণের সঙ্গে রেডক্রস হটলাইন এবং দুই কোরিয়ার মধ্যকার বেসামরিক এলাকা পানমুনজোমের জাতিসংঘ কমান্ডের সঙ্গেও সরাসরি যোগাযোগ ছিন্ন করে উত্তর কোরিয়া।

সর্বশেষ কায়েসং এ সামরিক হটলাইন ছিন্নের ঘোষণা দিয়ে উত্তর কোরিয়ার ঊর্ধ্বতন এক সামরিক কর্মকর্তা বলেছেন, “বর্তমান পরিস্থিতিতে যে কোনো সময় যুদ্ধ শুরু হতে পারে।আর তাই উত্তর-দক্ষিণ সামরিক যোগাযোগ রাখার প্রয়োজনীয়তা নেই।”


উত্তর কোরিয়ার কেসিএনএ বার্তা সংস্থা এ বিবৃতি প্রকাশ করেছে।এতে আরো বলা হয়, “ডিপিআরকে (উত্তর কোরিয়া), যুক্তরাষ্ট্র এবং উত্তর ও দক্ষিণের মধ্যে কোনো সংলাপ কিংবা যোগাযোগ চ্যানেল আর নেই।”