২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে বিরোধীপক্ষের বিরুদ্ধে মুরসির কঠোর হুঁশিয়ারি

“জাতিকে সুরক্ষা” দিতে অভাবিত পদক্ষেপ গ্রহণ করবেন বলে রোববার বিরোধীদলগুলোকে হুঁশিয়ারি দিয়েছেন মিশরের প্রেসিডেন্ট মোহামেদ মুরসি। তার এই হুঁশিয়ারি মিশরজুড়ে ব্যাপক ধরপাকড় অভিযান শুরু করার ইঙ্গিত বলে মনে করছে বিরোধী দলগুলো।

রয়টার্স

.

রয়টার্স

Published : 25 Mar 2013, 06:58 AM

Updated : 23 Aug 2022, 10:26 AM

শুক্রবার কায়রোয় মুসলিম ব্রাদারহুডের বিরুদ্ধে সহিংস বিক্ষোভের প্রতিক্রিয়ায় দেওয়া এক বিবৃতিতে মুরসি ওই হুঁশিয়ারি দেন।

কি পদক্ষেপ নেওয়া হবে তা পরিষ্কার না করলেও মুরসির বিবৃতির ভাষা ছিল অত্যন্ত তীব্র। সহিংসতা ও দাঙ্গা-হাঙ্গামায় জড়িত যে কোনো রাজনীতিকের বিরুদ্ধে “প্রয়োজনীয় পদক্ষেপ” গ্রহণ করা হবে বলে সতর্ক করেন তিনি।

তিনি বলেন, “জাতিকে সুরক্ষা দেওয়ার জন্য যা কিছু করা প্রয়োজন, বাধ্য হলে আমি তা করবো। আমি সম্ভবত এরকম পদক্ষেপ নেওয়ার প্রান্তে পৌঁছে গেছি।”

বিস্তারিত আর কিছু বলেননি তিনি। গত জুনে মুসলিম ব্রাদারহুডের সমর্থনে ক্ষমতায় আসার পর থেকে ক্রমবর্ধমান ক্ষোভের মুখোমুখি হচ্ছেন তিনি। মুরসি সরকারের বিরুদ্ধে আয়োজিত অনেকগুলো বিক্ষোভ সমাবেশ এক পর্যায়ে সহিংস দাঙ্গায় পরিণত হয়েছে।

দুই বছর আগে একনায়ক হোসনি মুবারকের পতনের পর মিশরে কট্টর ইসলামপন্থী মুসলিম ব্রাদারহুড ও প্রেসিডেন্ট মুরসির মাধ্যমে নতুন “স্বৈরাচারের” আবির্ভাব হয়েছে বলে অভিযোগ করে আসছে দেশটির বিরোধী দলগুলো।

ধর্মনিরপেক্ষবিরোধী দলগুলো নির্বাচনে পরাজিত হয়ে অরাজকতা সৃষ্টির মাধ্যমে ক্ষমতা দখলের চেষ্টা করছে বলে অভিযোগ করেছে মুসলিম ব্রাদারহুড।

মুসলিম ব্রাদারহুডের এসব বক্তব্যকে “বিপজ্জনক” বলে মন্তব্য করে ধর্মনিরপেক্ষ বিরোধীদলীয় জোট ন্যাশনাল স্যালভেশন ফ্রন্টের (এনএসএফ) মুখপাত্র খালেদ দাউদ বলেছেন, “দমনমূলক পদক্ষেপ গ্রহণ করার প্রস্তুতি হিসেবেই এসব কথা বলা হচ্ছে।”

শুক্রবার কায়রোতে মুসলিম ব্রাদারহুডের সদর দপ্তরের সামনে কয়েক হাজার মুরসির বিরোধী বিক্ষোভকারী মুসলিম ব্রাদারহুড সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বহু মানুষ আহত হয়।