২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সিরিয়ায় বিদ্রোহীদের লক্ষ্য করে রাসায়নিক অস্ত্র হামলা’

সিরিয়ার সরকারবিরোধী আন্দোলনকারীরা সোমবার জানিয়েছে, সিরীয় সেনাবাহিনী দামেস্কর নিকটবর্তী আদরা শহরের এক সেনা ঘাঁটিতে বিদ্রোহীদের লক্ষ্য করে রাসায়নিক উপাদানযুক্ত রকেট হামলা চালিয়েছে। এতে ২ যোদ্ধা নিহত ও ২৩ জন আহত হয়েছেন।

রয়টার্স

.

রয়টার্স

Published : 25 Mar 2013, 05:46 AM

Updated : 23 Aug 2022, 10:26 AM

ওই সেনা ঘাঁটিটি চারদিক থেকে বিদ্রোহীরা ঘিরে রেখেছে বলে জানা গেছে।

‘চিকিৎসকরা ওই রাসায়নিক অস্ত্রে যে উপাদান ব্যবহার করা হয়েছে তাকে ফসফরাস বলে উল্লেখ করেছেন। এটি স্নায়ুতন্ত্রে আঘাত হানে এবং এতে মানুষ ভারসাম্যহীন হয়ে পড়ে এবং অজ্ঞান হয়ে যায়।’

‘দুই যোদ্ধার খুব কাছে এটি বিস্ফোরিত হওয়ার কারণে তারা দ্রুতই মারা যান। বাকিদের অ্যাস্ট্রোপিন দিয়ে চিকিৎসা করা হচ্ছে’ বলে মোহাম্মাদ আল দোউমানি নামে দৌমা শহরের একজন আন্দোলনকারী জানিয়েছে। ওই শহরেই আহতদের নিয়ে যাওয়া হয়েছে।

তবে স্বাধীনভাবে এই ঘটনার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

এরআগে গত সপ্তায় সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোর কাছে মঙ্গলবার প্রাণঘাতী রাসায়নিক ক্ষেপণাস্ত্রের হামলায় ২৫ জন নিহত এবং ৮৬ জন আহত হয়েছে বলে দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশন জানিয়েছিল।

ওই হামলার জন্য প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহীদের দায়ী বলে সিরীয় সরকারের পক্ষ থেকে দাবি করা হয়।

আন্তর্জাতিক কোনো সংস্থা বা পশ্চিমা কোনো দেশও শেষ খবর পাওয়া পর্যন্ত সিরিয়ায় রাসায়নিক হামলা হয়েছে বলে নিশ্চিত করেনি।
তবে ঊর্ধ্বতন এক বিদ্রোহী কমান্ডার এবং উচ্চ সামরিক পরিষদের মুখপাত্র অভিযোগ অস্বীকার করে ওই হামলার জন্য প্রেসিডেন্ট বাশার আল আসাদ বাহিনীকেই দায়ী করেন।

ওই হামলার পর জাতিসংঘের মুখপাত্র মার্টিন নেসির্কি বলেন, রাসায়নিক অস্ত্রের ব্যবহার হয়েছে কিনা তা নিশ্চিত করার মত অবস্থায় তারা নেই। তবে এ ধরনের অস্ত্র ব্যবহার করা হলে তা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘণ হবে বলে মন্তব্য করেন তিনি।