সাইপ্রাসের পার্লামেন্টে ব্যাংক সংস্কার বিল অনুমোদন
দেউলিয়াত্ব এড়াতে সাইপ্রাসের পার্লামেন্ট শুক্রবার নয়টি বিল অনুমোদন করেছে। ইউরোপীয় ইউনিয়নের শর্ত অনুযায়ী দেশটির ব্যাংক খাতের সংস্কার এবং অর্থ সংগ্রহে সংহতি তহবিল গঠন করাসহ বিভিন্ন পদক্ষেপের বিষয় রয়েছে এসব বিলে।
শনিবার আবার পার্লামেন্ট বসবে।
এদিকে সাইপ্রাসের অর্থমন্ত্রী মাইকেল স্যারিস বলেছেন, বেইলআউট সহায়তা নিশ্চিতের জন্য ইইউ এবং আইএমএফের সঙ্গে সাইপ্রাসের আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে।
তিনি আরো জানান, ব্যাংকে যেসব আমানতকারীর একলাখ ইউরোর বেশি জমা আছে তাদের ওপর ২৫ শতাংশ লেভি আরোপের বিষয়টি বিবেচনা করছে সরকার।
বিবিসি জানায়, ইউরোপীয় ইউনিয়ন এবং আইএমএফের কাছ থেকে ১০ বিলিয়ন ইউরো সাহায্য পেতে সাইপ্রাসকে সোমবারের মধ্যে ৫.৮ বিলিয়ন ইউরো সংগ্রহ করতে হবে।
সাইপ্রাস ইস্যুতে ইউরোজোনের নেতারা রোববার ব্রাসেলসে বৈঠকে বসতে যাচ্ছেন।
এদিকে আতংক থেকে সাইপ্রাসে অনেক মানুষ ব্যাংক থেকে তাদের অর্থ নিরাপদে সরিয়ে নিচ্ছেন।
তবে ব্যাংকে যাদের আমানত বেশি আছে, তাদের কাছ থেকে অর্থ আদায়ের ব্যাপারে সাইপ্রাসের এমপিরা এখনও কোন সিদ্ধান্তে আসতে পারেননি।
এতে জার্মানির আপত্তি রয়েছে। তবে এই বিষয়ে শনিবার পার্লামেন্টে আবারও আলোচনা হবে।
