যুক্তরাষ্ট্রে দুই সহকর্মীকে হত্যার পর মেরিন সেনার আত্মহত্যা
এক পুরুষ ও এক নারী সহকর্মীকে হত্যার পর আত্মহত্যা করেছেন যুক্তরাষ্ট্রের এক মেরিন সেনা। বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার এক সেনাঘাঁটিতে এ ঘটনা ঘটে।
ঘটনার পর কুয়ানটিকো নামের ওই সেনাঘাঁটিটি সাড়ে তিনঘণ্টা বন্ধ করে রাখা হয়েছিল। এতে ঘটনার জের শুক্রবার ভোর পর্যন্ত চলছিল।
ঘটনার কারণ সম্পর্কে কোনো কিছু জানাতে অস্বীকার করেছে সেনা তদন্তকারীরা।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে ঘাঁটিটির কমান্ডার কর্নেল ডেভিড ম্যাক্সওয়েল বলেন, “এটি আমাদের মেরিন পরিবারের এক শোচনীয় ক্ষতি।”
গুলিবর্ষণকারী ও নিহত দুজন মেরিন স্কুলের কর্মী ছিল আর ঘটনার সময় তারা দায়িত্বরত ছিল বলে জানান তিনি।
বৃহস্পতিবার রাত সাড়ে দশটায় ঘাঁটির নিরাপত্তা কর্মকর্তারা জরুরি ফোনকল পেয়ে পাঁচ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছান বলে জানান ম্যাক্সওয়েল। স্থানীয় পুলিশও এ সময় উপস্থিত হয়। তবে তাদের কোনো গুলি ছুঁড়তে হয়নি।
নিহতদের আত্মীয়রা ঘটনা জানার পরবর্তী ২৪ ঘণ্টার আগে নিহতদের পরিচয় প্রকাশ করা হবে না বলে জানিয়েছেন ঘাঁটিটির কর্মকর্তারা।
চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রে মেরিন সেনা নিহত হওয়ার দ্বিতীয় ঘটনা এটি। এর আগে সোমবার নেভাদায় অনুশীলনকালে মর্টারের গোলা বিস্ফোরিত হয়ে সাত মেরিন সেনা নিহত হয়।
চলতি বছর ফেব্রুয়ারি পর্যন্ত ৩১ জন সেনাসদস্য আত্মহত্যা করেছে বলে শুক্রবার যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। এসব ঘটনার মধ্যে ১০টিকে আত্মহত্যার ঘটনা বলে নিশ্চিত করা হয়েছে, আর অপর ২১টির বিষয়ে তদন্ত চলছে।
গত বছর যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ৩শ’ ৪৯ জন সেনা আত্মহত্যা করে যা নজিরবিহীন। ওই বছর যুদ্ধক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের এত সেনা নিহত হয়নি।
