লেবানন সরকারের পদত্যাগ
শরিক শিয়া রাজনৈতিক দল হেজবুল্লাহ সঙ্গে বিরোধের জেরে লেবানন সরকারের পদত্যাগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। পার্লামেন্ট নির্বাচনের প্রস্তুতি ও এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তার মেয়াদ বৃদ্ধির বিষয় নিয়ে মন্ত্রিসভার বৈঠকে ওই বিরোধের সূত্রপাত হয়।
শুক্রবার মন্ত্রিসভার ওই বৈঠকের দুই ঘণ্টা পর মিকাতি সরকারের পদত্যাগের ঘোষণা দেন।
ঘোষণায় তিনি বলেন, “আমি সরকারের পদত্যাগ ঘোষণা করছি, লেবাননের প্রধান রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব সম্পর্কে সচেতন করার সম্ভবত এটিই একমাত্র রাস্তা। হয়তো এর মাধ্যমেই লেবানন এক অনিশ্চিত গন্তব্য থেকে বের হয়ে আসতে পারবে।”
“অভ্যন্তরীণ বিভাজন ও আঞ্চলিক অস্থিরতা” থেকে লেবাননকে রক্ষার জন্য একটি ঐক্যমতের সরকার গঠনের আহ্বান জানান তিনি।
প্রতিবেশী সিরিয়ার গৃহযু্দ্ধ, সিরীয় শরণার্থীদের চাপ ও কয়েকটি রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় লেবাননের রাজনৈতিক পরিস্থিতি আগে থেকেই উত্তপ্ত হয়ে আছে। এ সময় প্রধানমন্ত্রী মিকাতির হঠাৎ পদত্যাগে লেবাননের রাজনৈতিক ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে।
আসছে নির্বাচনের জন্য একটি তদারককারী পরিষদ গঠন করতে ও লেবাননের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর প্রধান মেজর জেনারেল আশ্রাফ রিফির মেয়াদ বাড়াতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী মিকাতি।
কিন্তু সরকারের শরিক হেজবুল্লাহ ও এর মিত্র দলগুলোর পরিষদ গঠনের প্রস্তাব আটকে দেয় ও রিফির মেয়াদ বাড়ানোর প্রস্তাবের বিরোধিতা করে।
এপ্রিলে রিফির অবসরে যাওয়ার কথা রয়েছে। ত্রিপোলির সুন্নি মুসলিম রিফির ওপর আস্থা নেই হেজবুল্লাহর। ত্রিপোলিতে শিয়া ও সুন্নিদের মধ্যে কয়েকটি প্রাণঘাতী খণ্ড লড়াইয়ের কারণে রিফির ওপর ক্ষুব্ধ হেজবুল্লাহ।
২০১১ সালে হেজবুল্লাহ ও এর মিত্রদলগুলো সাদ আল হারিরির ঐক্যমতের সরকারের পতন ঘটালে লেবাননের প্রধানমন্ত্রী হন নাজিব মিকাতি।
কিন্তু গৃহযুদ্ধ কবলিত সিরিয়ার সঙ্গে লেবাননের উত্তেজনা বৃদ্ধিতে সিরিয়ার শিয়া প্রেসিডেন্ট বাশার আল আসাদের কট্টর সমর্থক হেজবুল্লার সমর্থনে প্রধানমন্ত্রীর পদে থাকা সুন্নি মিকাতির জন্য বিব্রতকর হয়ে দাঁড়িয়েছিল।
