২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে সহিংসতা ছড়ানোর আশঙ্কা, মিইকতিলায় জরুরি অবস্থা

মিয়ানমারের মিইকতিলা শহরে বৌদ্ধ ও মুসলিমদের মধ্যে তিনদিনের সাম্প্রদায়িক সহিংসতার পর জরুরি অবস্থা জারি করা হয়েছে। বৌদ্ধ ও মুসলিম রোহিঙ্গাদের মধ্যে গত বছর শুরু হওয়া দাঙ্গা এখন দেশের প্রাণকেন্দ্রে ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

. বিবিসি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2013, 11:02 AM

Updated : 23 Aug 2022, 10:25 AM

শুক্রবার প্রেসিডেন্ট থেইন সেইন এর পক্ষ থেকে এক বিবৃতিতে ঘোষণা করা জরুরি অবস্থার সিদ্ধান্ত রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচার করা হয়েছে।

এ পদক্ষেপ সামরিক বাহিনীর জন্য দাঙ্গাবিধ্বস্ত ওই শহরটিতে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে সহায়ক হবে বলে জানান তিনি।

বুধবার মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর হামলার ঘটনায় অন্তত দশ জন নিহত হয়েছে। উগ্র বৌদ্ধরা কমপক্ষে তিনটি মসজিদ জ্বালিয়ে দেয়। মিইকতিলা শহরে সংঘর্ষের পর এখনো জ্বলছে আগুন। শহরটির বেশ কয়েকটি মসজিদে আগুন লাগিয়েছে উগ্র বৌদ্ধরা।

বৃহস্পতিবার ভোরেও দাঙ্গার খবর পাওয়া গেছে। মধ্য মিয়ানমারে দাঙ্গায় মানুষ নিহত হয়েছে। তাছাড়া, মিইকতিলা শহরে এদিন নতুন করে দাঙ্গায় হতাহতের ঘটনা ঘটেছে।

বুধবার সহিংসতা শুরুর পর থেকে অন্তত ২০ জন নিহত হয়েছে। তবে হতাহতের প্রকৃত সংখ্যা জানা যায়নি। শুক্রবার সকালেও মিইকতিলায় ৮ টি লাশ দেঅ যাওয়ার খবর পাওয়া গেছে। সহিংসতায় জড়িত থাকার সন্দেহে পুলিশ বেশ কয়েকজন বৌদ্ধকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায় অন্তত ১৫ জন বৌদ্ধ ভিক্ষু শুক্রবার শহরের উপকণ্ঠে মুসলিমদের বাড়িঘরে আগুন দিয়েছে।

নতুন করে শুরু হওয়া এ দাঙ্গা থেকে জাতিগত সহিংসতা আরো ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

মিইকতালির এমপি উইন থেইন বলেছেন, শুক্রবার সকালের সহিংসতা এখন কিছুটা কমে এলেও শহরে উত্তেজনা বিরাজ করছে।

মিয়ানমারে ৪৯ বছরের সামরিক শাসনামলে দমে থাকা জাতিগত ঘৃণা ২০১১ সালে ওই শাসনামল শেষের পর আবারো প্রকাশ্য রূপ নিয়ে সংস্কারপন্থি নতুন সরকারকে বিপদের মুখে ঠেলে দিয়েছে।

মিয়ানমারের নতুন আধা বেসামরিক সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক সংস্কার পদক্ষেপের কারণে দেশটি থেকে আনেক নিষেধাজ্ঞা উঠে গেছে। কিন্তু বৌদ্ধ ও মুসলিমদের মধ্যে রক্তক্ষয় বন্ধে ব্যর্থতার জন্য সরকার সমালোচিত হচ্ছে।

মিইকতিলার এক বৌদ্ধ নেতা বলেন, “যা ঘটছে তা সত্যিই দুঃখজনক। কারণ এটা একজনের ওপর ঘটছে না।এটা সবাইকেই ক্ষতিগ্রস্ত করছে।”

দাঙ্গা থেকে বাঁচতে শ শ মুসলিম বাড়িঘর ছেড়ে পালিয়েছে।গত বছর পশ্চিম মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার জেরেই এ অস্থিরতা ছড়িয়ে পড়ে। ওই দাঙ্গায় ১১০ জন নিহত হয় এবং ঘরহারা হয় ১ লাখ ২০ হাজার মানুষ। তাদের বেশিরভাগই রোহিঙ্গা মুসলিম।

জাতিগত সহিংসতা সামাল দেয়ার জন্য পুলিশের সংখ্যা পর্যাপ্ত নয় বলে অভিযোগ করেছে স্থানীয়রা। রয়টার্স জানায়, মিইকতিলার কিছু অধিবাসী অস্ত্র হিসাবে ছুরি এবং ছড়ি কাছে রাখছে।

জাতিসংঘ ইতোমধ্যেই সতর্ক করে দিয়ে বলেছে, ২০১১ সালের মার্চে মিয়ানমারে ক্ষমতায় আসা নতুন আধা বেসামরিক সরকারের সংস্কার কর্মসূচি এ জাতিগত অস্থিরতার কারণে ব্যাহত হতে পারে।