২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের রাজ্যসভায় ধর্ষণ-বিরোধী বিল পাস

ভারতে পার্লামেন্টের উচ্চকক্ষে বৃহস্পতিবার সংক্ষিপ্ত এক বিতর্কের পর ধর্ষণ-বিরোধী বিল পাস হয়েছে। নিম্নকক্ষ লোকসভায় বিলটি পাস হওয়ার দু’দিন পর রাজ্যসভা এটি অনুমোদন করল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

. এনডিটিভি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2013, 11:33 AM

Updated : 23 Aug 2022, 10:25 AM

‘দ্য ক্রিমিনাল ল (অ্যামেন্ডমেন্ট) বিল ২০১৩’ রাজ্যসভায় তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে।

বিলটি পাসের ব্যাপারে তিনি বলেন, দিল্লিতে চলন্ত বাসে ২৩ বছর বয়সী প্যারামেডিকেল ছাত্রী ধর্ষিত হয়ে পরে মারা যাওয়ার ঘটনা জাতির বিবেককে নাড়া দিয়েছে।

গত বছর ১৬ ডিসেম্বরে ওই তরুণী ধর্ষিত হয়ে মারা যাওয়ার পর ভারতজুড়ে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ধর্ষণ বিরোধী আইন আরো কঠোর করার দাবি ওঠে।

শিন্ডে বলেন, “সাহসী ওই নারী তার আত্মমর্যাদার জন্য লড়াই করেছে। আমরা শিগগিরই বিলটি পাস করে তাকে অন্তত সম্মানটুকু জানাতে পারি।”

ধর্ষণ বিরোধী এ বিলের আওতায় এসিড মারা থেকে শুরু করে কাউকে উত্তক্ত করা, বিবস্ত্র করা, ফাঁদে ফেলার চেষ্টা কিংবা গোপনে আপত্তিকর কিছু প্রতক্ষ্য করাও শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য এবং প্রতিটি অপরাধের জন্য সুনির্দিষ্ট শাস্তির বিধান রাখা হয়েছে।

তাছাড়া, মানব পাচারের মতো অপরাধের ক্ষেত্রেও নতুন কিছু ধারা এ বিলে সংযোজিত হয়েছে এবং যৌন আচরণের ক্ষেত্রে বয়সসীমা ১৬ থেকে বাড়িয়ে ১৮ করা হয়েছে বলে জানান শিন্ডে।

ক্রিমিন্যাল ল (অ্যামেন্ডমেন্ট) অর্ডিনেন্স এর জায়গায় বলবৎ হচ্ছে ‘দ্য ক্রিমিনাল ল (অ্যামেন্ডমেন্ট) বিল ২০১৩’। কঠোর এ বিল আগামীদিনগুলোতে কাজে আসবে বলেই মন্তব্য করেছেন শিন্ডে।