২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে হামলার হুমকি দিল উত্তর কোরিয়া

এবার জাপান এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়ামে অবস্থিত মার্কিন বিমানঘাঁটিসহ অন্যান্য সামরিক ঘাঁটিতে হামলার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র কোরিয়া উপদ্বীপে বি-৫২ বোমারু বিমান ওড়ালে এ হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটি।

রয়টার্স

.

রয়টার্স

Published : 21 Mar 2013, 09:47 AM

Updated : 13 Oct 2022, 02:49 PM

উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর এক মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, “যুক্তরাষ্ট্রের ভুলে যাওয়া উচিত না যে, গুয়ামের অ্যান্ডারসন বিমানঘাঁটি যেখানে বি-৫২ বোমারু বিমান ওঠানামা করছে এবং ওকিনাওয়া দ্বীপসহ জাপানে অবস্থিত অন্যান্য মার্কিন ঘাঁটি যেখানে পরমাণু শক্তিচালিত সাবমেরিন মোতায়েন আছে এবং নৌঘাঁটি আছে- সেগুলো সবই উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে।”


এর আগে উত্তর কোরিয়া কোরিয়া উপদ্বীপে যুক্তরাষ্ট্রের পরমাণু বোমা বহনে সক্ষম বি-৫২ বোমারু বিমান উড়লে কঠিন জবাব দেয়ার হুমকি দিয়েছিল।


পরমাণু অস্ত্রের হুমকির জবাবে আরো শক্তিশালী পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি দেয় উত্তর কোরিয়া।বৃহস্পতিবার তারা হামলার মহড়াও চালিয়েছে।দক্ষিণ কোরিয়ায় চালকবিহীন বিমান (ড্রোন)হামলা চালানোর মহড়া দেয় উত্তর কোরিয়া।


যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার বিরূপ প্রতিক্রিয়ায় একের পর এক দেশ দু’টিতে হামলা চালানোর হুমকি দিয়ে আসছে উত্তর কোরিয়া।


১২ ফেব্রুয়ারিতে উত্তর কোরিয়া পরমাণু বোমা পরীক্ষা চালানোর পর দেশটির ওপর নতুন করে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ হয়।


ওই নিষেধাজ্ঞার পর ক্ষুব্ধ উত্তর কোরিয়া আরো পরমাণু বোমা এবং রকেট পরীক্ষা চালিয়ে যাওয়ার হুমকি দেয়।


যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক মহড়া বন্ধ না হলে দক্ষিণ কোরিয়ার ধ্বংস ডেকে আনা এবং যুক্তরাষ্ট্রে আগাম পরমাণু হামলা চালানোর হুমকি দেয় উত্তর কোরিয়া।


সর্বশেষ দেশটি তাদের অস্ত্রের আওতার মধ্যকার মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার এ হুমকি দিল।জাপান এবং গুয়ামের মার্কিন ঘাঁটিগুলো উত্তর কোরিয়ার মাঝারি-পাল্লার ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যে রয়েছে।