২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের পার্লামেন্ট নির্বাচন ১১ মে

চলতি বছরের ১১ মে পাকিস্তানের পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠানের তারিখ ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

সূত্র: এনডিটিভি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2013, 04:21 AM

Updated : 23 Aug 2022, 10:25 AM

বুধবার তিনি এই তারিখ ঘোষণা করেন।

শনিবার দেশটিতে প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে নির্বাচিত কোনো সরকার তার মেয়াদ পূর্ণ করেছে। অস্থিরতা আক্রান্ত দেশটির প্রায় ৬৬ বছরের ইতিহাসে এটি একটি নজিরবিহীন ঘটনা।
পাকিস্তানের প্রেসিডেন্টের মুখপাত্র ফরহাতুল্লাহ বাবর বলেন, “সরকার প্রেসিডেন্টের প্রতি নির্বাচনের জন্য একটি উপযুক্ত তারিখ ঘোষণার আহ্বান জানায়। এর পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট আজ (বুধবার) পার্লামেন্ট নির্বাচনের জন্য ১১ মে তারিখ ঘোষণা করেছেন।”

পাকিস্তানের ৪টি প্রাদেশিক পরিষদেরও নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে তা ১১ মে তারিখেই একই সঙ্গে অনুষ্ঠিত হবে কি না এ বিষয়টি এখনো পরিষ্কার নয়।
পাকিস্তানের পার্লামেন্টের একটি কমিটিকে শুক্রবারের মধ্যে দেশটির তত্ত্বাবধায়ক সরকার প্রধান নির্বাচন করতে হবে। ওই সরকার প্রধানের নেতৃত্বেই দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবারের মধ্যে পাকিস্তানের ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টি ও নওয়াজ শরিফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লিগ তত্ত্বাবধায়ক সরকার প্রধান নির্বাচনে সমঝোতায় পৌঁছাতে না পারায় পার্লামেন্টের কমিটিকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

তালেবানের অব্যাহত সহিংসতা, সম্প্রদায়গত অস্থিরতা ও ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা সত্ত্বেও পুরো মেয়াদ পার করে ইতিহাস সৃষ্টি করেছে পিপিপি সরকার।

মেয়াদ পূর্ণ হওয়ায় শনিবার মধ্যরাতেই পাকিস্তানের নির্বাচিত পার্লামেন্ট বিলুপ্ত হয়েছে। এখন পরবর্তী সাধারণ নির্বাচনের আগ পর্যন্ত একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রশাসন পরিচালিত হবে।

তবে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগ পাওয়ার আগ পর্যন্ত বর্তমান প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ দায়িত্ব পালন করে যাবেন বলে ধারণা করা হচ্ছে।



পার্লামেন্ট বিলুপ্ত হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে।

পাকিস্তানের ৬৬ বছরের ইতিহাসের অর্ধেকেরও বেশি সময় দেশটি সামরিক শাসনের অধীনে ছিল। আগের নির্বাচিত সরকারগুলো বার বার সামরিক অভ্যুত্থানের মুখোমুখি হয়ে কখনোই পুরো মেয়াদ ক্ষমতায় থাকতে পারেনি।