২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েল সফরে ওবামা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বুধবার প্রথম সফরে ইসরায়েলে পৌঁছেছেন।থমকে থাকা মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা এবং সিরিয়া ও ইরানে ইস্যু নিয়ে উদ্বেগের মধ্যে তিনি এ সফরে গেলেন।

রয়টার্স

.

রয়টার্স

Published : 20 Mar 2013, 10:57 AM

Updated : 23 Aug 2022, 10:25 AM

তেল আবিবের বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রেসিডেন্ট শিমন পেরেজ।

ফিলিস্তিনের জন্য নতুন কোনো শান্তি উদ্যোগ নিয়ে ওবামা এ সফরে না গেলেও তেল আবিবে পা দিয়েই তিনি স্থবির হয়ে থাকা ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনার কথা উল্লেখ করে বলেছেন, “পবিত্র এ ভূমিতে শান্তি প্রতিষ্ঠিত হতেই হবে।”

মধ্যপ্রাচ্য আলোচনায় অচলাবস্থা এবং ইরানকে পরমাণু অস্ত্র সমৃদ্ধ হতে না দেয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি নিয়ে ইসরায়েলের গভীর সংশয়ের মধ্যে ওবামা এ সফর করছেন।

প্রেসিডেন্ট হিসাবে ইসরায়েলে প্রথম তিনদিনের এ সরকারি সফরে ওবামা ফিলিস্তিন ও ইসরায়েলের সঙ্গে কখনো কখনো সৃষ্টি হওয়া ঠাণ্ডা সম্পর্ক উষ্ণ করার চেষ্টা নিয়েছেন।

তেল আবিবে গিয়েই তিনি ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের মিত্রতার সম্পর্ক নিয়ে সপ্রশংস উক্তি করেন এবং এ সম্পর্ক অটুট থাকবে বলে মন্তব্য করেন।


সফরকালে ইসরায়েল ও ফিলিস্তিনকে আবার আলোচনায় ফেরানোর চেষ্টা নেয়ার পাশাপাশি ইরানের ব্যাপারেও ইসরায়েলকে আশ্বস্ত করার চেষ্টা নেবেন ওবামা।সেইসঙ্গে আলোচনা করবেন সিরিয়া নিয়েও।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করার কথা রয়েছে তার।
জানুয়ারিতে ইসরায়েলের সাধারণ নির্বাচনে অল্প ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর গত শুক্রবার একটি জোট সরকার গঠনের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে সক্ষম হয়েছেন নেতানিয়াহু।

নেতানিয়াহুর সঙ্গে ওবামার বৈঠকে প্রাধান্য পাচ্ছে ইরানের পরমাণু প্রকল্প নিয়ে ইসরায়েলের উদ্বেগ, ফিলিস্তিনের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক, পশ্চিমতীরে ইসরায়েলের বসতি সম্প্রসারণের উদ্যোগ, মধ্যপ্রাচ্যে ইসলামপন্থিদের উত্থান এবং সিরিয়ার বাসার আল আসাদ সরকারের বিরু্দ্ধে ইসলামপন্থি নয় এমন বিদ্রোহীদের সমর্থন দেয়া নিয়ে আলোচনা।

সফরের বেশিরভাগ সময় ওবামা ইসরায়েলেই থাকবেন। সেখানে বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষর্থীদের সামনে তার একটি ভাষণ দেওয়ার কথা রয়েছে।বৃহস্পতিবার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে দেখা করতে পশ্চিম তীরে যাবেন তিনি।

আগামী ২২ মার্চ, শুক্রবার ওবামার মধ্যপ্রাচ্য সফর শেষ হওয়ার কথা রয়েছে।