প্যোল্যান্ডে খনিতে আটকা পড়েছে ১৮ শ্রমিক
পোল্যান্ডের একটি তামা খনির অভ্যন্তরে ১৮ খনি শ্রমিক আটকা পড়েছে। ভূমিকম্পের কারণে ওই খনির গুহামুখটি বন্ধ হয়ে এই দুর্ঘটনা ঘটে বলে খনিটির পরিচালক সংস্থা কেজিএইচএম জানিয়েছে।
কেজিএইচএম-এর মুখমাত্র দারিউজ ওয়েবোরস্কি বলেন, “সর্বসাম্প্রতিক খবর হচ্ছে, ১৮ খনিশ্রমিক ভেতরে আটকা পড়েছে। ৪ জন শ্রমিক দুর্ঘটনাটি ঘটার আগেভাগেই ভেতর থেকে বের হয়ে আসতে সক্ষম হয়।”
ওয়েবোরস্কি আরো জানান, শ্রমিকরা ভূপৃষ্ঠ থেকে ৬শ’ মিটার গভীরে আটকা পড়েছে।
রুদনা নামক ওই খনিটি পোল্যান্ডের রাজধানী থেকে ২৪৯ মাইল দক্ষিণপশ্চিমে অবস্থিত।
শেষ খবর পাওয়া পর্যন্ত খনির ভেতরে আটকা পড়া কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ওয়োবরস্কি বলেন, “রুদনা খনিতে কম্পন হওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। উদ্ধার তৎপরতা চালানো খুব কঠিন, কারণে বিপুল পরিমাণ পাথর অপসারণ করতে হবে।”
কম্পনের কারণে যোগাযোগ লাইন বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ভেতরের কারো সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।
খনিটির অবস্থান জার্মানি ও চেক রিপাবলিক সীমান্তের নিকটবর্তী সিলেশিয়া অঞ্চলে। ১৯৭৪ সাল থেকে এতে তামা উত্তোলন শুরু হয়। রাষ্ট্রনিয়ন্ত্রিত কেজিএইচএম ইউরোপের দ্বিতীয় বৃহত্তম তামা উৎপাদক প্রতিষ্ঠান।
পোল্যান্ডে বিপুল সংখ্যক খনি রয়েছে। সেগুলোর অধিকাংশই সিলেশিয়া অঞ্চলে অবস্থিত। ২০০৬ সালে দেশটির একটি কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণে ২৩ জন নিহত হয়।
