রাসায়নিক অস্ত্র: সিরিয়া সরকার-বিদ্রোহী পাল্টাপাল্টি অভিযোগ
সিরিয়ায় আলেপ্পোর কাছে মঙ্গলবার প্রাণঘাতী রাসায়নিক অস্ত্র হামলা নিয়ে সরকার ও বিদ্রোহীপক্ষ একে অপরকে পাল্টাপাল্টি দোষারোপ করেছে। এ ঘটনা সত্য হলে সিরিয়ায় দু’ বছরের লড়াইয়ে এটিই হবে প্রথম রাসায়নিক অস্ত্রের ব্যবহার।
সিরিয়ার তথ্যমন্ত্রী ওমরান আল জোয়াবি বলেছেন,“বিদ্রোহীরা আলেপ্পোর দক্ষিণ-পশ্চিমে খান আল আসাল শহরে বিষাক্ত গ্যাস ভরা রকেট ছুড়েছে।শহরের দক্ষিণ পূর্বাঞ্চলীয় নাইরাব থেকে এ রকেট ছোড়ে তারা।নাইরাবের কিছু অংশ বিদ্রোহী নিয়ন্ত্রিত।”
তিনি আরো বলেন, “রকেটের ওই গ্যাসে মানুষ অচেতন হয়ে পড়ে। তারপর পেশী সঙ্কোচন হয়ে মারা যায়।”
রাসায়নিক অস্ত্র হামলায় ১৬ জন নিহত এবং ৮৬ জন আহত হয়েছে বলে জানান তিনি।
তবে ঊর্ধ্বতন এক বিদ্রোহী কমান্ডার এবং উচ্চ সামরিক পরিষদের মুখপাত্র কাশিম সাদেদ্দিন তথ্যমন্ত্রী জোয়াবির অভিযোগ অস্বীকার করে এ হামলার জন্য প্রেসিডেন্ট বাশার আল আসাদ বাহিনীকেই দায়ী করেছেন।
আলেপ্পো থেকে টেলিফোনে রয়টার্সকে তিনি বলেন, “আমরা সকাল থেকেই খান আল আসালে সরকারি বাহিনীর হামলার খবর শুনছি। তাছাড়া, হঠাৎ করেই আমরা এও জানতে পেরেছি যে, তারা এ হামলার খবর আমাদের বিরুদ্ধে প্রচার করছে।”
“আমাদের ধারণা, তারা রাসায়নিক উপাদান সম্বলিত স্কাড ক্ষেপণাস্ত্র হামলা করেছে।বিদ্রোহীরা এ হামলায় জড়িত নয়,” বলেন সাদেদ্দিন।
সিরিয়ার রাষ্ট্রীয় টিভি রাসায়নিক অস্ত্র হামলায় নিহতের সংখ্যা ২৫ উল্লেখ করেছে।
এর আগে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা বিদ্রোহীদের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ করে জানায়, “সন্ত্রাসীরা আলেপ্পো প্রদেশে খান-আল-আসাল অঞ্চলে রাসায়নিক অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র ছুড়েছে।এতে ১৫ জন নিহত হয়। এদের বেশির ভাগই বেসামরিক নাগরিক।”
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, হামলায় নিহতের সংখ্যা ১৬ সেনাসহ ২৬ জন।
তবে হামলার খবরটির সত্যাসত্য যাচাই করা যায়নি।
বিদ্রোহী সংশ্লিষ্ট আলেপ্পো মেডিয়া সেন্টার বলেছে, খান আল-আসাল শহরে অধিবাসীদের মধ্যে ‘শ্বাসকষ্ট এবং বিষক্রিয়া’ দেখা গেছে। এলাকাটিতে একটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। সরকারি বাহিনীর বিষাক্ত গ্যাস হামলার কারণেই খুব সম্ভবত এমনটি হয়েছে বলে জানায় তারা।
জাতিসংঘের হিসাবমতে, সিরিয়ায় দুবছরের লড়াই-সংঘাতে ৭০ হাজার মানুষ নিহত হয়েছে। শরণার্থী হয়েছে অন্তত ১০ লাখ মানুষ।
সিরিয়া সরকার বরাবরই বিদ্রোহীদেরকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে আসছে।তাছাড়া, সিরিয়া সরকারের ব্যাপক রাসায়নিক অস্ত্রের মজুদ রয়েছে।সেগুলোর নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ আছে এবং এগুলো যুদ্ধে ব্যবহৃত হতে পারে বলেও আশঙ্কা আছে।
সিরিয়ায় মঙ্গলবারের রাসায়নিক হামলা সম্পর্কে পশ্চিমা কোনো দেশ বা আন্তর্জাতিক সংগঠন তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে কিছু জানায়নি।তবে সিরিয়ার মিত্র দেশ রাশিয়া এ হামলার জন্য বিদ্রোহীদের দায়ী করেছে।
রাসায়নিক অস্ত্র বিদ্রোহীদের হাতে চলে যাচ্ছে বলে এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়।
