যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার সমালোচনায় চীন
উত্তর কোরিয়ার উস্কানির জবাবে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা জোরদারের পরিকল্পনার সমালোচনা করে চীন বলেছে, এতে করে কেবল শত্রুতাই আরো বাড়বে।
ফলে ওয়াশিংটনকে আরো সতর্কতার সঙ্গে পা ফেলার আহ্বান জানিয়েছে বেইজিং।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল শুক্রবার উত্তর কোরিয়ার ‘দায়িত্বজ্ঞানহীন ও বেপরোয়া উস্কানিমূলক’ পদক্ষেপের জবাবে যুক্তরাষ্ট্রে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা জোরদার করার পরিকল্পনা ঘোষণা করেছেন।
উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রে আগাম পরমাণু হামলা চালানোর হুঁশিয়ারি দেয়ার পর হেগেল এ ঘোষণা দেন।
গণমাধ্যমে দৈনিক এক সংবাদ ব্রিফিং এ চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র হং লেই বলেন, “নিরাপত্তা বাড়ানো এবং পরমাণু অস্ত্র বিস্তারের সমস্যা কূটনৈতিক পন্থাতেই সবচেয়ে ভালোভাবে সমাধান করা সম্ভব।”
“ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী(প্রতিরক্ষা)ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গড়ে তোলার মতো কর্মকান্ড শত্রুতাই কেবল আরো বাড়াবে। সমস্যা সমাধানের পথ খোঁজায় কোনো ফল বয়ে আনবে না।”
যুক্তরাষ্ট্র শান্তি ও স্থিতিশীলতার ভিত্তিতে এগুবে এবং দায়িত্বশীল মনোভাব নিয়ে সতর্কতার সঙ্গে কাজ করবে-চীন এমনটিই আশা করে বলে জানান তিনি।
উত্তর কোরিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাস্তবায়ন নিয়ে সন্ত্রাস ও অর্থনীতি বিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারির চীন সফরের কয়েকদিন আগে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয় এ প্রতিক্রিয়া জানাল।
চীন এর আগেও যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়া এবং জাপান ও তাইওয়ানকে এ ধরনের প্রতিরক্ষা দেয়ার বিষয়টিতে অাপত্তি জানিয়ে এসেছে।
এ ধরনের প্রতিরক্ষা ব্যবস্থার লক্ষ্য চীন নয় বলে যুক্তরাষ্ট্র বার বার অভয় দিয়ে আসছে।কিন্তু চীন এখনো এ ব্যবস্থাকে সন্দেহের চোখেই দেখে।
