ইতালির রাষ্ট্রদূতের ‘আইনি ছাড় নেই’
ভারতীয় জেলে হত্যার ঘটনায় দুই নৌসেনাকে ফিরিয়ে দিতে রোমের অস্বীকৃতি নিয়ে বাড়তে থাকা বিরোধের মধ্যে ইতালীয় রাষ্ট্রদূত ডেনিয়েল মানচিনির ‘কোনো আইনি ছাড় নেই’ বলে জানিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট।
সোমবার এক আদেশে তিন বিচারকের সুপ্রিম কোর্ট বেঞ্চ বলেছে, নৌসেনাদের মুক্তির বিষয়টি নিয়ে আলোচনা চালানো রাষ্ট্রদূত মানচিনি আদালতের কাছে তাদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে দায়বদ্ধ থাকার কারণে তাকে আইনি ছাড় দেয়া যাচ্ছে না।
প্রধান বিচারপতি আলতামাস কবির বলেন, “একজন ব্যক্তি আদালতে এসে দায়-দায়িত্ব নিলে তার কোনো আইনি ছাড় থাকে না।”
তিনি আরো বলেন, আদালত ইতালির রাষ্ট্রদূত ডেনিয়েল মানচিনির প্রতি আস্থা হারিয়েছে।একইসঙ্গে মানচিনিকে ভারত না ছাড়ার জন্য গত সপ্তাহে জারি করা আদেশ পুনর্ব্যক্ত করেছে আদালত।
গত বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি আলতামাস কবিরের নেতৃত্বে আদালত মানচিনিকে অনুমতি ছাড়া ভারত ত্যাগ না করার নোটিশ জারি করে।১৮ মার্চের মধ্যে এ নোটিসের জবাবও দিতে বলা হয় তাকে।
জেলে হত্যা মামলায় ভারতে ওই দুই সেনার বিচার চলছিল। গত মাসে ইতালিতে অনুষ্ঠিত সাধারন নির্বাচনে তাদেরকে ভোট দিতে যাওয়ার অনুমতি দেওয়া হয়।
সেসময় ভারতে নিযুক্ত ইতালির ওই রাষ্ট্রদূত ব্যাক্তিগত ভাবে জানিয়েছিলেন ২২ মার্চের মধ্যে দুই মেরিন সেনাকে ফেরত পাঠানো হবে।
কিন্তু এখন ওই সেনারা আর ভারতে ফেরত যাচ্ছেন না। উপরন্তু তাঁদের ফেরত পাঠাতে অস্বীকৃতিও জানিয়েছে রোম।
এর পরিপ্রেক্ষিতে ভারতের প্রধানমন্ত্রী এক সপ্তাহ আগে পার্লামেন্টে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ওই দুই ইতালীয় নৌ সেনাকে ফেরত না পাঠালে পরিণাম ভালো হবে না। প্রতিশ্রুতি না রাখলে ইতালির সঙ্গে ভারতের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে বলে সতর্ক করে দেন তিনি।
ওদিকে, ইতালি সম্প্রীতি বজায় রেখে বিষয়টির একটি সমাধান খুঁজতে ভারতকে কূটনীতিকদের একটি বৈঠক আহ্বানের অনুরোধ জানিয়েছে।
সোমবার ইতালি জানিয়েছে, দুই নৌ সেনাকে ভারতের হাতে সরাসরি তুলে দিতে তারা নারাজ হলেও সমস্যার কূটনৈতিক সমাধানে রাজি তারা।
