প্রথম পুরো মেয়াদ পার করলো পাকিস্তানের নির্বাচিত সরকার
প্রথমবারের মতো পাকিস্তানের নির্বাচিত একটি সরকার পুরো মেয়াদ পার করেছে। অস্থিরতা আক্রান্ত দেশটির প্রায় ৬৬ বছরের ইতিহাসে এটি একটি নজিরবিহীন ঘটনা।
শনিবার ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) সরকার পুরো পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করেছে।
তালেবানের অব্যাহত সহিংসতা, সম্প্রদায়গত অস্থিরতা ও ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা সত্ত্বেও পুরো মেয়াদ পার করে ইতিহাস সৃষ্টি করেছে পিপিপি সরকার।
মেয়াদ পূর্ণ হওয়ায় শনিবার মধ্যরাতেই পাকিস্তানের নির্বাচিত পার্লামেন্ট বিলুপ্ত হয়েছে। এখন পরবর্তী সাধারণ নির্বাচনের আগ পর্যন্ত একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রশাসন পরিচালিত হবে।
পার্লামেন্ট বিলুপ্ত হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে।
আগামী কয়েকদিনের মধ্যেই একজন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়ার কথা রয়েছে। সে পর্যন্ত বর্তমান প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ দায়িত্ব পালন করে যাবেন বলে ধারণা করা হচ্ছে।
সামরিক অভ্যুত্থান আর দীর্ঘদিন সামরিক শাসনের অধীনে থাকাই পাকিস্তানের সাধারণ ইতিহাস। সেখানে এ ধরণের একটি ব্যতিক্রম ঘটনা পাকিস্তানী সংবাদপত্রগুলোতে সর্বাধিক গুরুত্ব পেয়েছে।
দ্য নিউজের সম্পাদকীয়তে বলা হয়েছে, “এই দেশের ইতিহাসে প্রথমবারের মতো একটি নির্বাচিত সরকার তাদের মেয়াদ পূর্ণ করলো; ইতিহাস সৃষ্টি হয়েছে এটি এখন বলা যায়।”
সরকারের বিদায় উপলক্ষে প্রধানমন্ত্রী আশরাফ টেলিভিশনে জাতীর উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দেন।
ভাষণে তিনি সরকারের বিভিন্ন সাফল্য তুলে ধরা চেষ্টা করেন। তবে জনগণের প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থ হয়েছে বলে তিনি স্বীকার করেন।
পাকিস্তানের প্রভাবশালী জেনারেলদের ক্ষমতার প্রদর্শনী ও সরকারকে হেনেস্থা করার মতো সুপ্রিম কোর্টের বিভিন্ন সিদ্ধান্ত মোকাবিলা করে পিপিপি সরকার পূর্ণ মেয়াদ ক্ষমতায় কাঁটিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পেরেছে।
পাকিস্তানের ৬৬ বছরের ইতিহাসের অর্ধেকেরও বেশি সময় দেশটি সামরিক শাসনের অধীনে ছিল। আগের নির্বাচিত সরকারগুলো বার বার সামরিক অভ্যুত্থানের মুখোমুখি হয়ে কখনোই পুরো মেয়াদ ক্ষমতায় থাকতে পারেনি।
