‘সিরিয়ার বিদ্রোহীদের অস্ত্র দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান’
বিদ্রোহীদের অস্ত্র দেওয়ার লক্ষ্যে সিরিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়নের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নিতে যুক্তরাজ্য ও ফ্রান্সের উদ্যোগ প্রত্যাখ্যান করেছে ইইউ’র অন্যান্য সদস্য দেশগুলোর সরকার।
আঞ্চলিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে ও অস্ত্র প্রতিযোগিতা উস্কে দেবে এমন আশঙ্কায় শুক্রবার প্রস্তাবটি প্রত্যাখ্যান করে তারা।
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইইউ’র চলমান শীর্ষ সম্মেলনে ফ্রান্স ও যুক্তরাজ্যের প্রস্তাবে তেমন সাড়া মিলেনি। তবে কূটনীতিকরা জানিয়েছেন, আসছে সপ্তাহে ইইউভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বিষয়টি আবার বিবেচনা করে দেখবেন।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সমর্থন নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দ অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি করেন। দাবির সমর্থনে তিনি বলেন, সিরিয়ায় গণহত্যা ইউরোপ মেনে নিতে পারে না।
সিরিয়ার অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিরোধী জার্মান চ্যান্সেলর আঞ্জেলা মেরকেল বলেন, ইইউ অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নিলে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের মিত্র রাশিয়া ও ইরান সিরিয়ায় অস্ত্র সরবরাহ বৃদ্ধি করে দিয়ে বিপদ ঘটাতে পারে।
জার্মান কর্মকর্তারা এক্ষেত্রে লিবিয়ার উদাহরণ তুলে ধরেন। তারা জানান, লিবিয়ার ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর বিদ্রোহীদের সরবরাহকৃত অস্ত্র চোরাপথে মালির ইসলামি বিদ্রোহীদের হাতে চলে যায়।
মার্চের ২২-২৩ তারিখে ইইউ’র পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন ইউরোপিয়ান কাউন্সিলের সভাপতি হারমান ভ্যান রম্পাই।
গত দুই বছর ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধে এ পর্যন্ত প্রায় ৭০ হাজার মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
