মধ্যপ্রদেশে পর্যটক ধর্ষিত
রাত প্রায় সাড়ে ৯টার দিকে সাতজনের একটি দল কাঠের লাঠি নিয়ে ওই পর্যটক দম্পতির ওপর আক্রমণ চালায়। তিনজন ওই নারীর স্বামীকে মারধর করতে থাকে আর চারজন ওই নারীকে ধর্ষণ করে।
ভারতের মধ্যপ্রদেশে ধর্ষণের শিকার হয়েছেন এক সুইস নারী। পাশাপাশি ৩৯ বছর বয়সী ওই নারী ও তার স্বামীকে ব্যাপক মারধরও করা হয়েছে। ধর্ষকরা ওই দম্পতির মূল্যবান জিনিসপত্রও কেড়ে নিয়েছে বলে জানা গেছে।
শুক্রবার রাতে দয়িতা নামে একটি গ্রাম থেকে ৮ কিলোমিটার দূরে এই ঘটনা ঘটে। সেখানে ওই পর্যটক দম্পতি রাত্রিযাপনের জন্য ক্যাম্প করেছিলেন।
অর্চা থেকে আগ্রা যাওয়ার পথে তারা ওইস্থানে ক্যাম্প করেছিলেন। আগ্রা যাওয়ার লক্ষ্যে বাইসাইকেলে তারা ২৫০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার লক্ষ্যে যাত্রা করেছিলেন।
ধর্ষিতা ওই নারীর স্বামী জানিয়েছেন, রাত প্রায় সাড়ে ৯টার দিকে সাতজনের একটি দল কাঠের লাঠি নিয়ে তাদের ওপর আক্রমণ চালায়। তিনজন তাকে মারধর করতে থাকে আর চারজন তার স্ত্রীকে ধর্ষণ করে।
সুইস ওই নারীকে গোয়ালিয়র হাসপাতালে নিয়ে যাওয়ো হয়। সেখানে ডাক্তারি পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে ওই নারীকে একাধিক ব্যক্তি ধর্ষণ করেছে।
ওই নারীর স্বামীর অভিযোগের ভিত্তিতে দয়িতার পুলিশ ৮ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ওইদিনের ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে তাদের ওই দম্পতির সামনে হাজির করা হবে বলে জানা গেছে।
ভারতে ধর্ষণের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। ২০১২ সালের ১৬ ডিসেম্বর দিল্লির বাসে প্যারামেডিকেল ছাত্রীকে ধর্ষণ ও হত্যার পর ভারতজুড়ে প্রতিবাদের ঢেউ ওঠে।
ওই ঘটনা নাড়িয়ে দেয় পুরো ভারতকে। নারীর প্রতি সহিংসতা রোধে কর্তৃপক্ষের ব্যর্থতায় এবং ধর্ষকদের ফাঁসির দাবিতে ভারতজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
টানা বিক্ষোভের মধ্যে বাস চালক রাম সিংসহ ছয়জনকে আটক করে পুলিশ, মামলা শুরু হয় দ্রুত বিচার আইনে।
সম্প্রতি রাম সিং কারাগারে আটক অবস্থায় আত্মহত্যা করেছেন।
ভারতে ধর্ষণ রোধে মৃত্যুদণ্ডের বিধান রেখে কঠোর আইন প্রণয়নও হয়। কিন্তু তারপরও এই অপরাধপ্রবণতা কমছে না।
