২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ড্রোন হামলা সার্বভৌমত্বের লঙ্ঘণ : জাতিসংঘ

আফগান সীমান্ত সংলগ্ন পাকিস্তানি এলাকায় যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘিত হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ।

রয়টার্স

সূত্র :

রয়টার্স

Published : 16 Mar 2013, 07:12 AM

Updated : 25 Apr 2022, 06:29 PM

ড্রোন হামলায় ওই অঞ্চলের নৃতাত্ত্বিক ও গোত্রীয় গোষ্ঠীগুলোর ভারসাম্যও নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেছে বিশ্বসংস্থাটি।

শুক্রবার এক বিবৃতিতে জাতিসংঘের জেনেভাস্থ মানবাধিকার বিষয়ক হাইকমিশনে কমিশনের মানবাধিকার বিষয়ক বিশেষ তদন্তকারী বেন ইমারসন এসব কথা জানান।

ইমারসন জাতিসংঘের সন্ত্রাসবিরোধী ও মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি। গত সপ্তায় তিনদিনের এক সফরে তিনি পাকিস্তান গিয়েছিলেন।

সেখানে তিনি বেসামরিক নাগরিকদের ওপর ড্রোন হামলা ও বাছাই করে হত্যার প্রভাব নিয়ে তদন্ত করেন।

বিবৃতিতে তিনি বলেন, “আন্তর্জাতিক আইনের বিবেচনায়, পাকিস্তানে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলা সেখানকার জনগণের নির্বাচিত প্রতিনিধি বা সরকারের অনুমতি ছাড়াই পরিচালিত হচ্ছে।”

“এখানে আরেকটি রাষ্ট্রের এলাকায় কোনো অনুমতি ছাড়াই শক্তি প্রয়োগ করা হচ্ছে যা পাকিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘণ,” বলেন তিনি।

ইমারসন বলেন, পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলের কেন্দ্র শাসিত নৃতাত্ত্বিক ও গোত্রীয় গোষ্ঠি অধ্যুষিত এলাকাগুলো (এফএটিএ) সন্ত্রাসবিরোধী অভিযানে ধ্বংস হয়ে যাচ্ছে।

তিনি বলেন, “প্রজন্মের পর প্রজন্ম ধরে এই সব গর্বিত ও স্বাধীন মানুষেরা স্বশাসনের মাধ্যমে চালিত হয়েছে, তাদের সমৃদ্ধ নৃতাত্ত্বিক ইতিহাস আছে, কিন্তু পশ্চিম এদের কখনোই ভালোভাবে বুঝতে পারেনি। এফএটিএতে পরিচালিত সামরিক অভিযানের কারণে বিশেষভাবে ড্রোন হামলার কারণে এদের গোত্রীয় কাঠামো ভেঙে পড়ছে।”

এই এলাকাগুলো কখনোই পাকিস্তানের প্রশাসনিক, অর্থনৈতিক ও বিচারিক কাঠামোর অন্তর্ভুক্ত ছিল না। এলাকাগুলো পশতুন গোষ্ঠীগুলোর প্রভাবাধীন।

জানুয়ারিতে ইমরাসন জানিয়েছিলেন, পাকিস্তান, ইয়েমেন, সোমালিয়া, আফগানিস্তান ও ফিলিস্তিনে চালানো ২৫টি ড্রোন হামলার বিষয়ে তিনি তদন্ত করবেন। অক্টোবরে তিনি তার চূড়ান্ত প্রতিবেদন জাতিসংঘের সাধারণ অধিবেশনের তুলে ধরবেন বলে ধারণা করা হচ্ছে।