২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে আত্মঘাতী বোমা ও জঙ্গি হামলায় নিহত ২৫

ইরাকের রাজধানী বাগদাদের কূটনৈতিক পাড়ার কাছে পরিকল্পিত ও সমন্বিত আত্মঘাতী বোমা বিস্ফোরণ ও জঙ্গি হামলায় অন্ততপক্ষে ২৫ জন নিহত হয়েছে।

রয়টার্স

সূত্র:

রয়টার্স

Published : 15 Mar 2013, 07:32 AM

Updated : 23 Aug 2022, 10:23 AM

বৃহস্পতিবার এই ঘটনা ঘটে বলে পুলিশ ও গণমাধ্যমসূত্র জানিয়েছে। তাৎক্ষণিকভাবে এই হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।

তবে ইরাকের শিয়া নেতৃত্বাধীন সরকারকে চাপে ফেলতে সুন্নি জঙ্গিরা চলতি বছর তাদের সাম্প্রদায়িক হামলা-সহিংসতার মাত্রা বাড়িয়ে দিয়েছে।


পুলিশ জানিয়েছে, আলাওয়ি জেলায় দুটি গাড়িবোমার বিস্ফোরণ ঘটেছে। একটি আইন মন্ত্রণালয় ভবনের সামনে। এর কিছু সময় পরই এক আত্মঘাতী হামলাকারী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছাকাছি হামলা চালায়।


অপর এক আত্মঘাতী বোমা হামলাকারী আইন মন্ত্রণালয় ভবনের দিকে হেঁটে এগিয়ে যায় এবং অন্য জঙ্গিরা ভবনটিতে হামলা চালায়। এতে ইরাকের নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের লড়াই বেঁধে যায়।


বর্তমানে পরিস্থিতি নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।


হামলার সময় মন্ত্রণালয়ের ভেতরে থাকা এক পুলিশ ওমর ঘানিম বলেন, ‘আমি তখন তিনতলার দিকে যাচ্ছিলাম। আর তখনই একটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনতে পাই। ঠিক তার পরপরই আরো একটি বিস্ফোরণের শব্দ শুনি।’


ঘানিম আরো বলেন, ‘তার আরো কয়েক মিনিট পর আমরা গোলাগুলির শব্দ শুনতে পাই। হামলাকারীরা সামরিক পোশাক পরিহিত ছিল। তারা তিন তলায় উঠে পড়ে এবং এক নাগাড়ে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। আমি নিজেও পায়ে গুলিবিদ্ধ হয়েছি। কিন্তু ওদের একজনকে (হামলাকারী) আমি হত্যা করতে পেরেছি বলে গর্ববোধ করছি।”


নিহতদের মধ্যে ১৫ জন বেসামরিক নাগরিক ও ৭ জন পুলিশ রয়েছে। এতে হামলাকারী ৩ জঙ্গিও নিহত হয়েছে।
হামলায় অন্ততপক্ষে ৫০ জন আহত হয়েছে বলে পুলিশ ও হাসপাতালসূত্র জানিয়েছে।