২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গোপন ইরানি তেল নেটওয়ার্কে মার্কিন নিষেধাজ্ঞা

এক গ্রিক ব্যবসায়ী ও কয়েকটি ‘ঠিকাদারি’ কোম্পানি ইরানের ন্যাশনাল ইরানিয়ান ট্যাঙ্কার কোম্পানির হয়ে ট্যাঙ্কার ক্রয় করে গোপনে জাহাজ থেকে জাহাজে ইরানি জ্বালানি তেল সরবরাহ করছিল বলে জানা গেছে।

রয়টার্স

সূত্র :

রয়টার্স

Published : 15 Mar 2013, 06:36 AM

Updated : 25 Apr 2022, 06:29 PM

ইরানি তেল রপ্তানির একটি গোপন নেটওয়ার্কের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। পরমাণু কর্মসূচি বিতর্কে ইরানি তেল রপ্তানি ওপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে গোপন ওই নেটওয়ার্কটি চালু করা হয়েছিল।

বৃহস্পতিবার এক বিবৃতিতে সন্ত্রাস ও আর্থিক গোয়েন্দা সংক্রান্ত যুক্তরাষ্ট্রের সহকারী অর্থমন্ত্রী ডেভিড কোহেন এই নিষেধাজ্ঞার কথা জানান।

এক গ্রিক ব্যবসায়ীর কার্যক্রমের ওপর পাওয়া গোয়েন্দা তথ্যের সূত্র ধরে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

দিমিত্রিস ক্যাম্বিস নামের ওই ব্যবসায়ী ও কয়েকটি ‘ঠিকাদারি’ কোম্পানি ইরানের ন্যাশনাল ইরানিয়ান ট্যাঙ্কার কোম্পানির হয়ে ট্যাঙ্কার ক্রয় করে গোপনে জাহাজ থেকে জাহাজে ইরানি জ্বালানি তেল সরবরাহ করছিল বলে গোয়েন্দাসূত্রে জানা গেছে।

বিবৃতিতে কোহেন বলেন, “কৌশলে আন্তর্জাতিক তেল রপ্তানি নিষেধাজ্ঞা এড়ানোর জটিল একটি ইরানি ছকের পর্দা আজ আমরা তুলে ধরছি।”

নিষেধাজ্ঞায় যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের আওতায় থাকা ওই ‘ইরানি ছকের’ সঙ্গে যুক্ত ব্যবসায়ী গোষ্ঠীর সব সম্পদ জব্দ ও নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যবসায়ী গোষ্ঠীর সঙ্গে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সব ধরনের লেনদেন বন্ধের নির্দেশ দেওয়া হয়।

গত মাসে রয়টার্সে ক্যাম্বিসের কার্যক্রমের ওপর রয়টার্সে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। ওই প্রতিবেদনে জানানো হয়েছিল, ইরানের হয়ে ক্যাম্বিস গত বছর আটটি পুরনো তেলবাহী ট্যাঙ্কার কিনেছে যেগুলোর মাধ্যমে ইরানের অপরিশোধিত জ্বালানি তেল চীনে সরবরাহ করা হয়।

ইরানের সঙ্গে ব্যবসায়িক লেনদেন ও নিজের ট্যাঙ্কার বহরের মাধ্যমে ইরানি তেল বহনের কথা তখন অস্বীকার করেছিলেন দিমিত্রিস ক্যাম্বিস।