২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পোপের যাত্রা শুরু, সামনে অনেক চ্যালেঞ্জ

নির্বাচিত হওয়ার ১২ ঘন্টা পর প্রথমদিনে প্রার্থনার মধ্য দিয়ে বহু চ্যালেঞ্জ মোকাবেলা করে চলার গুরুদায়িত্বের পথে যাত্রা শুরু করেছেন নতুন পোপ ফ্রান্সিস।

রয়টার্স

.

রয়টার্স

Published : 14 Mar 2013, 01:53 PM

Updated : 25 Apr 2022, 06:28 PM

বৃহস্পতিবার ধর্মযাজকদের সঙ্গে সম্মেলন করার আগে সকালেই নীরবে ভ্যাটিকান ছেড়ে ক্যাথলিক চার্চে প্রার্থনায় রত হন পোপ।

দুর্নীতি, যৌন কেলেঙ্কারি এবং নানা বিতর্ক জর্জরিত চার্চের ভাবমূর্তি ফিরিয়ে আনতে এ প্রার্থনার মধ্য দিয়ে ঈশ্বরের কাছে পথনির্দেশনা চেয়ে নেন পোপ।

পর্যবেক্ষকদের ধারণা, ওইসব কেলেঙ্কারির কারণে সৃষ্ট চাপ বর্ষীয়ান পোপ বেনেডিক্টের পক্ষে বহন করা সম্ভব হচ্ছিল না বলেই হঠাৎ করে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন তিনি।

বেনেডিক্টের উত্তরসূরি ৭৬ বছর বয়সী পোপ ফ্রান্সিসকে সামনের দিনগুলোতে এসমস্ত চ্যালেঞ্জই মোকাবেলা করতে হবে।

বৃহস্পতিবার প্রার্থনার জন্য সান্তা মারিয়া মাগোরির বাসিলিকায় যান ফ্রান্সিস। নতুন পোপের সঙ্গে সাক্ষাতের অভিব্যাক্তি জানিয়ে তার প্রার্থনা সঙ্গী ফাদার লুডোভিকো মেলা বলেন, “তিনি আমাদের সঙ্গে সস্নেহে কথা বলেছেন, যেমন একজন জনক বলে থাকেন। তিনি আসার মাত্র দশ মিনিট আগেই আমরা জানতে পারি, পোপ আসছেন।”

এবারই প্রথম ইউরোপের বাইরের কোনো দেশ থেকে পোপ নির্বাচিত করলেন ধর্মযাজকরা। একই সঙ্গে প্রথমবারের মতো লাতিন আমেরিকার কোন দেশ থেকে পোপ নির্বাচিত হলেন কোনো ব্যক্তি।তাছাড়া, পোপ হিসাবে ‘ফ্রান্সিস’ নামটিও তিনিই প্রথম নিলেন।

শিশু যৌন নিপীড়ন, আমলাতান্ত্রিক জটিলতা নিয়ে বিতর্কের মুখে থাকা ভ্যাটিকানের ক্যাথলিক চার্চের ভাবমূর্তি উজ্জ্বল করতে মানুষের কাছে ভাবমূর্তি উজ্জ্বল এমন কাউকেই প্রধান ধর্মযাজক হিসাবে চেয়েছেন যাজকরা।যার কারণেই প্রথা ভেঙে নতুন এই পোপ নির্বাচন বলে ধারণা বিশ্লেষকদের।

আগামী দিনগুলোতে সাবেক পোপ বেনেডিক্টের সঙ্গে দেখা করা ছাড়াও, ধর্মযাজকদের সঙ্গে সম্মেলন, গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎ ছাড়াও আরো নানা কাজকর্মে ব্যস্ত সময় কাটাতে হবে ফ্রান্সিসকে।

এরপর আগামী মঙ্গলবার ১৯ মার্চ এক অভিষেক অনুষ্ঠানের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে পোপের দায়িত্ব নেবেন ফ্রান্সিস।