২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাশ্মিরে সেনা ক্যাম্পে জঙ্গি হামলায় নিহত ৫

ভারতীয় কাশ্মিরে আধাসামরিক বাহিনীর ক্যাম্পে দুই জঙ্গির স্বয়ংক্রিয় রাইফেলের গুলিবর্ষণে ৫ সেনা নিহত ও বেসামরিক ব্যক্তিসহ অপর ৫ জন আহত হয়েছে।

রয়টার্স

সূত্র :

রয়টার্স

Published : 13 Mar 2013, 09:52 AM

Updated : 23 Aug 2022, 10:22 AM

বুধবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় পুলিশ।

সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এর পাল্টা গুলিতে ওই দুই জঙ্গিও নিহত হয়েছে। কাশ্মিরের প্রধান শহর শ্রীনগরের কাছে সিআরপিএফের একটি সেনা ছাউনিতে এ হামলা হয়।

এটিকে একটি আত্মঘাতী হামলা বলে বর্ণনা করেছেন জম্মু ও কাশ্মিরের মূখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। আহতদের মধ্যে তিনজন বেসামরিক ব্যক্তি রয়েছেন বলে জানিয়েছেন তিনি।

পুলিশের মহাপরিদর্শক আব্দুল গনি মির রয়টার্স টেলিভিশনকে বলেছেন, “এখানে একটি সেনা ছাউনিতে সিআরপিএফের একটি ডিভিশন মোতায়েন করা ছিল, আর কাছেই বাচ্চারা ক্রিকেট খেলছিল। এমন সময় দুই জঙ্গি গ্রেনেড নিক্ষেপ করে সেনা ডিভিশনটির ওপর হামলা চালায়।”

“আমরা সিআরপিএফের পাঁচ জনকে হারিয়েছি, ওই দুই জঙ্গিও তাদের গুলিতে নিহত হয়েছে,” বলেন তিনি।

হামলায় দুইজনের বেশি জঙ্গি জড়িত ছিল কিনা তা পরিষ্কার নয় বলে জানিয়েছে পুলিশ।

সেনা ছাউনির কাছে একটি গাড়ি থেকে নামে জঙ্গিরা। তারপর হেঁটে এসে ছাউনির প্রবেশ পথে এক রক্ষীকে গুলি করে ছাউনিটি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে তারা। গুলিতে ওই রক্ষী তখনই মারা যায় বলে জানিয়েছে পুলিশ।

বেশ কয়েক বছর শান্ত থাকলেও সম্প্রতি কাশ্মিরি নেতা আফজাল গুরুর মৃত্যুদণ্ড কার্যকরের পর কাশ্মিরের পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে উঠেছে।