২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘যুদ্ধে ব্যবহৃত হচ্ছে সিরীয় শিশুরা’

যুদ্ধ বন্ধ হলেই কেবল সিরিয়ার শিশুরা দুর্দশা থেকে মুক্তি পাবে বলে অভিমত ব্যক্ত করেছে সেভ দ্য চিল্ড্রেন। সিরিয়ার যুদ্ধে সরকার ও বিরোধী উভয়পক্ষই উল্লেখযোগ্য সংখ্যক শিশুদের ব্যবহার করার পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সংস্থাটি এক প্রতিবেদনে এই কথা জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

সূত্র: বিবিসি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2013, 07:02 AM

Updated : 23 Aug 2022, 10:22 AM

প্রতিবেদনে উল্লেখ করা হয়, সিরিয়ার উভয়পক্ষই শিশুদের বিভিন্ন মালামাল বহন, পাহারা, তথ্যসরবরাহকারী এবং যোদ্ধা হিসেবে ব্যবহার করছে। কোনো কোনো ক্ষেত্রে এই শিশুদের মানবঢাল হিসেবেও ব্যবহার করা হয়।

সেভ দ্য চিল্ড্রেনের হিসাব মতে সিরিয়ায় প্রায় ২০ লাখ শিশুর সহায়তা প্রয়োজন। ২ বছরের যুদ্ধে তারা (শিশুরা) সবদিক দিয়েই ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, তুরস্কের গবেষকরা সিরীয় শিশুদের সাক্ষাৎকার গ্রহণ করে জানতে পেরেছে, এই যুদ্ধে প্রতি ৩ জনের মধ্যে ১ জন শিশু তার প্রিয়জনকে হারিয়েছে।

অনেক শিশুই কোনো স্বাস্থ্যসেবা পাচ্ছে না। তারা পয়ঃনিষ্কাশনের সুবিধাবঞ্চিত। ফলে রোগবালাইয়ের চরম ঝুঁকিতে রয়েছে তারা। তাদের পরিবারগুলো খাদ্যের জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে।

সিরীয় শিশুদের শিক্ষা প্রক্রিয়াও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দেশটির প্রায় ২ হাজার বিদ্যালয় যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে নয়তো বাস্তুচ্যুত মানুষের অস্থায়ী আবাসে পরিণত হয়েছে।

সিরীয় শিশুরা মৃত্যুর মুখোমুখি হচ্ছে, পঙ্গু হচ্ছে। পাশাপাশি মৌল মানবিক সহায়তা থেকেও তারা বঞ্চিত হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

সেভ দ্য চিল্ড্রেন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তার আবেদন জানিয়েছে। কিন্তু সংস্থাটি মনে করে শুধুমাত্র যুদ্ধ বন্ধ হলেই শিশুদের এই দুর্দশা ঘুচবে।

সেভ দ্য চিল্ড্রেন তার প্রতিবেদনে উল্লেখ করেছে, তারা এই যুদ্ধে ১৮ বছরের নিচে অনেক শিশুকে সরকার ও বিরোধী উভয়পক্ষই নানাভাবে ব্যবহার করছে।
এমন কি অনেক শিশুকে জোরপূর্বক সামরিক কর্মকাণ্ডে নামতে বাধ্য করা হয়েছে।

সেভ দ্য চিল্ড্রেনের এই প্রতিবেদন জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের প্রতিবেদনেরই প্রতিধ্বনি তুলেছে। এই বিষয়গুলো ইউনিসেফও মঙ্গলবার প্রকাশ করেছে।
ইউনিসেফ হুঁশিয়ার করে জানিয়েছে, সিরিয়া তার একটি প্রজন্মকে হারাতে যাচ্ছে। ১৮ বছরের কম বয়সী এই শিশুরা সহিংসতা ছাড়া আর কোনো জ্ঞান নিয়ে বেড়ে উঠছে না।
জাতিসংঘের হিসেব অনুযায়ী প্রায় ২ বছরের সিরীয় যুদ্ধে অন্ততপক্ষে ৭০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। পাশাপাশি ১০ লাখেরও বেশি সিরীয় পাশের রাষ্ট্রগুলোতে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়ে আছে।