আফগানিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত, ৫ মার্কিন সেনা নিহত
আফগানিস্তানে প্রায় সময়ই হেলিকপ্টার দুর্ঘটনায় বিদেশি সেনা নিহত হওয়ার ঘটনা ঘটে। আর সেগুলো কখনো বিধ্বস্ত হয়ে নয়তো শত্রুপক্ষীয় গুলিতে ঘটে থাকে।
আফগানিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ন্যাটো নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের ৫ সেনা নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার দেশটির কান্দাহার প্রদেশের দামান জেলায় এই ঘটনা ঘটেছে।
এক বিবৃতিতে আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনী (আইএসএফ) জানিয়েছে, “প্রাথমিক তথ্যে আমরা ধারণা করছি, দুর্ঘটনার সময় ওই অঞ্চলে শত্রুপক্ষীয় কোনো কর্মকাণ্ড ছিল না।”
পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র নিশ্চিত করে, নিহত ৫ সেনাই মার্কিন। তারা আরো জানায়, ঝড়োবৃষ্টির কারণে এই দুর্ঘটনা ঘটেছে।
আফগানিস্তানে প্রায় সময়ই হেলিকপ্টার দুর্ঘটনায় বিদেশি সেনা নিহত হওয়ার ঘটনা ঘটে। আর সেগুলো কখনো বিধ্বস্ত হয়ে নয়তো শত্রুপক্ষীয় গুলিতে ঘটে থাকে।
২০১২ সালের অগাস্টে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে ব্ল্যাকহক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ মার্কিনসেনাসহ ১১ জন নিহত হয়।
