শোকার্ত ভেনেজুয়েলায় নির্বাচনের তারিখ ঘোষণা
প্রয়াত প্রেসিডেন্ট হুগো শ্যাভেজকে হারানোর শোকের মধ্যেই দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা।
আগামী ১৪ এপ্রিল শ্যাভেজ উত্তর ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে বলে শনিবার ঘোষণা করেছেন তারা।
শুক্রবার ভাইস প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করার পরদিনই নির্বাচনের তারিখ ঘোষণা করা হল। নির্বাচনের নতুন তারিখ ঘোষণার জন্য শপথ গ্রহণের পরবর্তী ৩০ দিন মাদুরোর হাতে ছিল।
এ বিষয়ে মাদুরো ভেনেজুয়েলার পার্লামেন্টে বলেছেন, “আমি নির্বাচন কমিশনকে সাংবিধানিক ও আইনী বাধ্যবাধকতা মেনে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার জন্য বলেছি।”
নতুন এই প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী প্রার্থী প্রয়াত বামপন্থী প্রেসিডেন্ট শ্যাভেজের স্থলাভিষিক্ত হবেন। দীর্ঘ দুই বছর ক্যান্সারে ভোগার পর ৫ মার্চ নির্বাচিত জনপ্রিয় প্রেসিডেন্ট শ্যাভেজ মারা যান।
অসুস্থ অবস্থায়ই গত অক্টোবরে চতুর্থ বারের মতো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন শ্যাভেজ। কিন্তু অসুস্থতার জন্য প্রেসিডেন্ট হিসেবে আর শপথ নিতে পারেননি।
তার উত্তরসূরি বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মাদুরো শ্যাভেজ মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী ও পরবর্তীতে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালন করেন। প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর তিনি শ্যাভেজ প্রবর্তিত সমাজতান্ত্রিক বিপ্লব অব্যাহত রাখার প্রত্যয় জানান।
জরিপে দেখা গেছে, নির্বাচনে মাদুরো জয়লাভ করবেন। দেশটির সংখ্যাগরিষ্ঠ নিম্নবিত্ত জনগোষ্ঠির মাঝে দারুন জনপ্রিয় ছিলেন শ্যাভেজ, তার উত্তরসূরি হিসেবে মাদুরোকে সমর্থন জানাবেন বলে জানিয়েছে তারা।
