‘উত্তর কোরিয়ার যুক্তরাষ্ট্রকে হামলার হুমকি গ্রহণযোগ্য নয়’
উত্তর কোরিয়ার পারমাণু পরীক্ষা এবং যুক্তরাষ্ট্রকে হামলার হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।
জাতিসংঘের অবরোধ আরোপের হুমকি উপেক্ষা করে গত ১২ ফেব্রুয়ারি তৃতীয়বারের মতো পরমাণু বোমার পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রকে সামরিক হামলার হুমকি দেয় দেশটি।
উত্তর কোরিয়ার এ অবস্থান নিয়ে অস্ট্রেলিয়ার প্রোফিল সাময়িকীকে জাতিসংঘ মহাসচিব বলেন, “আমার কাছে এগুলো পুরোপুরি অগ্রহণযোগ্য মনে হয় এবং এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্যও একটি হুমকি।”
উত্তর কোরিয়ার জনগণের কল্যাণে মনোনিবেশ করতে দেশটির নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।
বান কি মুন বলেন, “উত্তর কোরিয়ায় জনজীবনে ব্যাপক সংকট রয়েছে। অনেক মানুষ অপুষ্টিতে ভুগছে।”
দক্ষিণ কোরিয়ার সঙ্গে সংলাপ ও শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য উত্তর কোরিয়ার নেতাদের প্রতি আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব।
তিনি বলেন, “দক্ষিণ কোরিয়ায় নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। কোরীয় উপদ্বীপে উত্তজনা প্রশমণ এবং বিরোধ নিরসনের বিষয়ে জাতীয় ঐক্যমত সৃষ্টিতে উভয়পক্ষের আলোচনায় বসার জন্য এখন খুব ভালো সময়।”
পরমাণু পরীক্ষা চালানোর জন্য শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার বিরুদ্ধে যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে তা প্রত্যাখান করেছে দেশটি। এ নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের শত্রুতামূলক নীতির ফল বলেও উল্লেখ করেছে তারা। পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ারও ইঙ্গিত দিয়েছে উত্তর কোরিয়া।
