দিল্লির সেই তরুণীকে সম্মান জানালো যুক্তরাষ্ট্র
শুক্রবার আন্তর্জাতিক নারী দিবসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে তাকে ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ পুরস্কারে সম্মানিত করা হয়। বিশ্বব্যাপী নারী অধিকার রক্ষায় নেতৃত্বদানকারী আরো আট নারীকেও এ পুরস্কার দেয়া হয়। শনিবার এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, “তার সাহসিকতায় লাখ লাখ নারী-পুরুষ একসঙ্গে রাস্তায় নেমে একটি বার্তাই ছড়িয়েছে- আর নয়, নারীর উপর সহিংসতা হলে অন্য কোনোভাবে দেখা নয়।নির্যাতিতের প্রতি আর কোনো ধরনের অসম্মান নয়।”
অনুষ্ঠানে পুরস্কার গ্রহণের জন্য ওই তরুণীর পরিবারের কেউ উপস্থিত না থাকায় যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত নিরুপমা রাওয়ের হাতে তা তুলে দেয়া হয়।
ওই তরুণীকে ‘সাহসী ও নির্ভয়া’ আখ্যায়িত করে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এসময় এক মিনিট নীরবতা পালন করা হয়।
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামার সভাপতিত্বে অনুষ্ঠানে ওই তরুণীকে সম্মান জানিয়ে জন কেরি বলেন, “তার লড়াই তাকে বাঁচিয়ে রেখেছে। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত অপরাধীদের বিচার দাবি করে ভারতসহ সারা বিশ্বে নারীর প্রতি সহিংসতা রোধে নারী-পুরুষের একসঙ্গে কাজ করার যে অনুপ্রেরণা তিনি দিয়ে গেছেন তার জন্য আমরা তাকে অসামান্য সাহসী নারী হিসেবে সম্মান জানাচ্ছি।”
গত বছর ১৬ ডিসেম্বর চলন্ত বাসে গণধর্ষণের শিকার হওয়ার পর প্রায় দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান ২৩ বছরের মেয়েটি। তার মৃত্যুতে ধর্ষকদের শাস্তি এবং নারীর প্রতি সহিংসতা রোধে ভারতজুড়ে গণআন্দোলন শুরু হয়।
