২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিযোগ অস্বীকার সুলাইমানের

২০০১ সালের ৯ সেপ্টেম্বর নিউ ইয়র্কের বিশ্ব বাণিজ্য কেন্দ্রে (টুইন টাওয়ার) হামলার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন ওসামা বিন লাদেনের জামাতা ও মুখপাত্র সুলাইমান আবু ঘাইত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

সূত্র: রয়টার্

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2013, 07:41 AM

Updated : 25 Apr 2022, 06:27 PM

শুক্রবার নিউ ইয়র্কের একটি কেন্দ্রীয় আদালতে তাকে হাজির করা হলে তার বিরুদ্ধে আনা এই অভিযোগ তিনি অস্বীকার করেন।

নিউ ইয়র্কের আদালতের প্রসিকিউটর জন ক্রোন্যান জানিয়েছেন, সুলাইমানকে আদালতে হাজির করার পর তিনি প্রায় ২২ পৃষ্ঠার একটি জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি টুইন টাওয়ারে হামলার সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়টি অস্বীকার করেছেন।

চলতি বছরের এপ্রিলের প্রথম দিকে সুলাইমানের বিচার শুরু হতে পারে। তার বিচারের মধ্যদিয়ে যুক্তরাষ্ট্রে এই প্রথম কোনো শীর্ষস্থানীয় আল কায়েদা নেতার বিচার হতে যাচ্ছে।

অবশ্য, সুলাইমানের বিচার সেনা আদালতে না করে বেসামরিক আদালতে করার সিদ্ধান্তে রিপাবলিকানরা ওবামা প্রশানের সমালোচনা করছে।

সুলাইমানকে গত সপ্তায় জর্ডানের বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়। তুরস্ক কর্তৃপক্ষ তাকে আটক করে কুয়েতে পাঠানোর সময় জর্ডানি কর্তৃপক্ষ তাকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়।

সুলাইমান আবু ঘাইত আল কায়েদার নিহত শীর্ষ নেতা বিন লাদেনের জামাতা। তিনি ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউ ইয়র্ক এর বিশ্ব বাণিজ্য সংস্থায় (টুইন টাওয়ার) হামলার অন্যতম পরিকল্পনাকারী ছিলেন বলে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের নাগরিকদের হত্যার ষড়যন্ত্রের অভিযোগে সুলাইমানকে নিউ ইয়র্কের একটি কেন্দ্রীয় আদালতে হাজির করা হয়।

আল কায়েদায় সুলাইমানের অন্যতম গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে। কুয়েতি নাগরিক সুলাইমান ছিলেন একজন শিক্ষক ও কুয়েতের একটি মসজিদের ইমাম। কিন্তু ২০০১ সালে টুইন টাওয়ারে হামলার পর তার কুয়েতের নাগরিকত্ব বাতিল করা হয়।

যুক্তরাষ্ট্রের আইন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, সুলাইমান ২০০১ সালের মে মাস থেকে ২০০২ পর্যন্ত বিন লাদেনের পাশে থেকে কাজ করেছেন। তিনি আল কায়েদার পক্ষ থেকে কথা বলতেন এবং বিশ্বব্যাপী ১১ সেপ্টেম্বরের মতো আরো হামলা চালানো হবে বলে হুমকি দিতেন।

বিশেষ করে ২০০১ সালের ১২ সেপ্টেম্বর বিন লাদেন ও আয়মান আল জাওয়াহিরি সঙ্গে সুলাইমান একসঙ্গে উপস্থিত হয়ে যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়েছিলেন, ‘মহান যোদ্ধারা তোমাদের (যুক্তরাষ্ট্র) বিরুদ্ধে একত্রিত হচ্ছে।’ ইসলামের নামে ‘ইহুদি, খ্রিস্টান এবং আমেরিকানদের’ বিরুদ্ধে জেহাদেরও ডাক দিয়েছিলেন তারা।

২০০২ সালে কিছু সময়ের জন্য ইরানে চোরাচালানীর কাজেও যুক্ত ছিলেন সুলাইমান।
জর্ডানের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আলোকেই সুলাইমানকে গ্রেপ্তার করা হয়েছে।

সুলাইমানের গ্রেপ্তার হওয়ার বিষয়টিকে আল কায়েদার বিরুদ্ধে লড়াইয়ে ‘বড় ধরনের বিজয়’ বলে মনে করছে যুক্তরাষ্ট্র।

২০১১ সালের মে মাসের শুরুর দিকে আল কায়েদার প্রতিষ্ঠাতা ও প্রধান ওসামা বিন লাদেন পাকিস্তানের সামরিক শহর অ্যাবোটাবাদে যুক্তরাষ্ট্রের নেভি সিল কমান্ডোদের এক অভিযানে নিহত হন।