কাঁদছে ভেনেজুয়েলা
প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের মৃত্যুতে ভেনেজুয়েলায় চলছে শোকের মাতম। জাতীয় পতাকা ও প্রিয় নেতার ছবি হাতে রাস্তায় নেমে এসেছে হাজারো মানুষ।
প্রায় দুই বছর ক্যান্সারের সঙ্গে লড়াই করে মঙ্গলবার রাজধানী কারাকাসের একটি সামরিক হাসপাতালে মারা যান ৫৮ বছর বয়সী শ্যাভেজ। রাষ্ট্রীয় টেলিভিশনে বাষ্পরুদ্ধ কণ্ঠে জাতিকে প্রেসিডেন্টের মৃত্যুর খবর জানান ভাইস প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।
প্রেসিডেন্টের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে কারাকাসের রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ। তারা স্লোগান দিতে থাকেন- শ্যাভেজ আছে, থাকবে/বিপ্লব চলবে।
কারাকাসের যে সামরিক হাসপাতালে শ্যাভেজের মৃত্যু হয় তার বাইরে সারা রাত অবস্থান করে শোকার্ত জনতা। প্রিয় নেতার ছবি হাতে অনেককেই কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।
এদিকে, রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয় শ্যাভেজের বিভিন্ন সময়ের ভাষণ। তার বিভিন্ন সময়ের ছবিও একের পর এক ভেসে ওঠে টেলিভিশনের পর্দায়।
শ্যাভেজের প্রতি শ্রদ্ধা জানিয়ে কান্নাজড়িত কণ্ঠে কারাকাসের বাসিন্দা ন্যান্সি জ্যোতি (৫৬) বলেন, “তিনি ছিলেন আমাদের জনক। কিভাবে নিজেদের রক্ষা করতে হয় তা তিনিই আমাদের শিখিয়েছিলেন।”
“শ্যাভেজের চেতনা শেষ হয়ে যায়নি। আমরা লড়াই চালিয়ে যাবো।”
তার মৃত্যু ছুঁয়ে গেছে রাজনৈতিক প্রতিপক্ষকেও। গত অক্টোবরের প্রেসিডেন্ট নির্বাচনে শ্যাভেজের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান হেনরিক ক্যাপরিলস।
এক শোক বার্তায় শ্যাভেজের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, “আমাদের রাজনৈতিক মতপার্থক্য ছিল। কিন্তু কখনো আমরা শত্রু ছিলাম না।”
শ্যাভেজের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য শুক্রবার পর্যন্ত দেশটির মিলিটারি একাডেমিতে তার মরদেহ রাখা হবে। তার মৃত্যুতে ভেনেজুয়েলায় রাষ্ট্রীয়ভাবে সাত দিনের শোক পালন শুরু হয়েছে। দেশের সব সামরিক ঘাঁটিতে ২১ বার তোপধ্বনির মধ্য দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়। তাকে সমাহিত করার আগ পর্যন্ত প্রতি ঘণ্টায় তোপধ্বনির মধ্য দিয়ে প্রয়াত প্রেসিডেন্টের প্রতি শ্রদ্ধা জানানো হবে বলে সশস্ত্র বাহিনী জানিয়েছে।
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে এক সপ্তাহের ছুটি ঘোষণা করা হয়েছে।
১৪ বছর ভেনেজুয়েলার নেতৃত্ব দেয়া এই সমাজতান্ত্রিক নেতার মৃত্যুর শোক ছড়িয়েছে লাতিন আমেরিকার অন্য দেশগুলোতেও। তার মৃত্যুতে বলিভিয়া সাতদিনের ও কিউবা তিন দিনের জাতীয় শোক পালনের ঘোষণা দিয়েছে।
বলিভিয়ার নেতা ইভো মোরালেস, আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ ডি ক্রিশ্চনার ও উরুগুয়ের প্রেসিডেন্ট হোসে মুজিকা এরই মধ্যে কারাকাসে পৌঁছেছেন।
বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকেও শোক বার্তা আসছে। জাতিসংঘের মহাসচিব বান কি মুন থেকে শুরু করে ইরানের নেতৃত্ব রয়েছে বিবৃতিদাতাদের মধ্যে।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ব্রাজিল, চিলি, মেক্সিকো, কানাডাসহ বিভিন্ন দেশের পক্ষ থেকে শ্যাভেজের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে।
১৯৫৪ সালে জন্মগ্রহণকারী হুগো শ্যাভেজ সামরিক বাহিনীতে যোগ দেন ছত্রীসেনা বা প্যারাট্রুপার হিসাবে।
১৯৯৮ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে দেশকে অনেক দূর এগিয়ে নেন তিনি। ক্ষমতায় আসার পর পররাষ্ট্র নীতিতে সাম্রাজ্যবাদ বিরোধিতা আর দেশে দরিদ্রবান্ধব নীতি অবলম্বন করেন।
তার শাসনামলে অবহেলিত বস্তিবাসীকে ভর্তুকিতে খাবার ও স্বাস্থ্যসেবা দেয়ার ব্যবস্থা হয়। এই নীতির কারণে ধনীদের মধ্যে জনপ্রিয়তা না পেলেও দরিদ্রদের প্রিয়তম মানুষ হয়ে ওঠেন শ্যাভেজ।
সর্বশেষ ২০১২ সালের অক্টোবরের নির্বাচনেও টানা চতুর্থবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন এই বামপন্থী নেতা। কিন্তু অসুস্থতার কারণে এবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে পারেননি তিনি।
ক্যান্সার ধরা পড়ায় গত ডিসেম্বরে অস্ত্রোপচার ও চিকিৎসার জন্য কিউবা যান শ্যাভেজ। সে সময় ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিকোলাস মাদুরোর নাম ঘোষণা করে তার হাতেই দায়িত্ব দিয়ে যান।
গত ১১ ডিসেম্বর কিউবায় অস্ত্রোপচারের পর আর জনসম্মুখে দেখা যায়নি শ্যাভেজকে।
