শ্যাভেজের মৃত্যুতে শোক
প্রায় দুই বছর ক্যান্সারের সঙ্গে লড়াই করে মঙ্গলবার রাজধানী কারাকাসের একটি সামরিক হাসপাতালে মারা গেছেন ভেনেজুয়েলার নেতা হুগো শ্যাভেজ। ১৪ বছর তিনি দেশটির প্রেসিডেন্টে হিসেবে দায়িত্ব পালন করেন।
৫৮ বছর বয়সী এই সমাজতান্ত্রিক নেতার মৃত্যুতে ভেনেজুয়েলাসহ শোকে আচ্ছন্ন গোটা বিশ্ব।
তার মৃত্যুর খবরে দেশজুড়ে চোখের পানি ফেলেছে শোক সন্তপ্ত মানুষ।শোকার্ত একজনের উক্তি, “তিনি(শ্যাভেজ)আমাদের জনক ছিলেন।নিজেদের সুরক্ষা করতে শিখিয়েছিলেন তিনি। তার সে শিক্ষা শেষ হয়ে যায়নি।আমরা জনগণেরা লড়ে যাব।”
শ্যাভেজের শেষকৃত্য হবে শুক্রবার। তার আগ পর্যন্ত তার মরদেহ সামরিক একাডেমিতে রাখা হবে এবং তার স্মরণে ভেনেজুয়েলায় চলবে ৭ দিনের শোক।
জাতিসংঘের মহাসচিব বান কি মুন হুগো শ্যাভেজের মৃত্যুতে তার পরিবার, ভেনেজুয়েলার জনগণ ও দেশটির সরকারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। ভেনেজুয়েলার উন্নয়নে শ্যাভেজের অবদানের কথাও উল্লেখ করেন তিনি।
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ যখনই খারাপ সময়ের মধ্যদিয়ে গেছেন, ভেনেজুয়েলার জনগণের প্রতি যুক্তরাষ্ট্র তার সমর্থন জানিয়েছে। ভেনেজুয়েলা সরকারের সঙ্গে সবসময়ই গঠনমূলক সম্পর্ক উন্নয়নে আগ্রহী যুক্তরাষ্ট্র।”
“ইতিহাসের নতুন অধ্যায়ে প্রবেশ করেছে ভেনেজুয়েলা। দেশটির গণতান্ত্রিক নীতি, আইনের শাসন ও জনগণের অধিকারের প্রতি সম্মান বাড়ানোর নীতিতে যুক্তরাষ্ট্র এখনো প্রতিশ্রুতিবদ্ধ।”
কিউবার রাষ্ট্রীয় টেলিভিশনে আনুষ্ঠানিক এক বিবৃতিতে সরকারের পক্ষ থেকে বলা হয়, “শ্যাভেজ যোগ্য সন্তানের মতো ফিদেল ক্যাস্ত্রোর পাশে দাঁড়িয়েছিলেন।”
হুগো শ্যাভেজের মৃত্যুতে কিউবায় তিনদিনের জাতীয় শোক পালনের ঘোষণা দেয়া হয়েছে।
হুগো শ্যাভেজের মৃত্যুর খবরে খুবই দুঃখ পেয়েছেন জানিয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হগ বলেন, “১৪ বছর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে তিনি দেশে ও দেশের বাইরে প্রভাব ফেলতে সক্ষম হয়েছেন।”
আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ ডি ক্রিশ্চনার তার পূর্ব ঘোষিত সব কর্মসূচী বাতিল করেছেন। ক্রিস্টিনা ও তার মৃত স্বামীর ঘনিষ্ট বন্ধু ছিলেন শ্যাভেজ।
ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফও এই সপ্তাহে তার আর্জেন্টিনা সফর বাতিল করেছেন।
রৌসেফ বলেন, “সমস্ত ল্যাতিন ও মধ্য আমেরিকানরা এই মৃত্যুতে গভীর শোক পাবে। কোনো সন্দেহ নেই যে শ্যাভেজ তার দেশের জন্য নিবেদিত প্রাণ একজন নেতা ছিলেন। সেই সঙ্গে ল্যাতিন আমেরিকার জনগণের উন্নয়নের জন্যও তিনি আত্মনিয়োগ করেছিলেন।
কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস বলেন, “কলম্বিয়া ও এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার চেতনাই আমাদের একত্রিত করেছে এবং এটাই আমাদের সম্পর্কের ভিত্তি। আমরা সত্যিকারের শান্তির পথে যতটুকুই এগিয়েছি তার জন্য অবশ্যই ধন্যবাদ দিতে হবে প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ ও ভেনেজুয়েলা সরকারকে।”
“তিনি একটি শান্তিপূর্ণ কলম্বিয়া গঠনের স্বপ্ন আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। যাবতীয় দ্বন্দ্বের অবসান ঘটিয়ে তার সেই স্বপ্ন পূরণের পথে সামনে এগিয়ে যেতে আমরা সবচেয়ে শ্রেষ্ঠ উপায়ে তার স্মৃতির প্রতি সম্মান জানাতে পারি।”
জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভিটালি চুকিন শ্যাভেজের মৃত্যুকে একটি দুঃখজনক ঘটনা বর্ণনা করে বলেন, “তিনি তার দেশে, ল্যাতিন আমেরিকার ও বিশ্বের একজন অসাধারণ নেতা ছিলেন।”
বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরলেস বলেন, “আমরা শোকগ্রস্ত এমন একজন ভাইকে হারিয়ে যিনি স্বদেশের মর্যাদা রক্ষার জন্য যুদ্ধ করেছেন।”
বলিভিয়া শ্যাভেজের মৃত্যুতে সাতদিনের জাতীয় শোক পালনের ঘোষণা দিয়েছে।
এছাড়াও কানাডা, ফ্রান্স, চিলি ও মেক্সিকোর পক্ষ থেকে শ্যাভেজের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে।
ওদিকে, ভেনেজুয়েলায় শোকার্ত জনতা শ্যাভেজকে সমাহিত করার প্রস্তুতি নেয়ার পাশাপাশি ভোট অনুষ্ঠানেও প্রস্তুত হচ্ছে।
৩০ দিনের মধ্যে নতুন ভোট ডেকেছে কর্তৃপক্ষ।তবে নির্বাচন ৩০ দিনের মধ্যেই অনুষ্ঠিত হবে নাকি ভোটের তারিখ ৩০ দিনের মধ্যে ঘোষণা করা হবে তা এখনো স্পষ্ট নয়।
