২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে পুরোনো নেতৃত্বের যবনিকাপাত

চীনে নেতৃত্ব পরিবর্তনের চূড়ান্ত পর্বে শুরু হয়েছে পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেসের (এনপিসি) বার্ষিক অধিবেশন।এ অধিবেশনেই পুরোনোদের জায়গায় স্থলাভিষিক্ত হবেন নতুন নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

সূত্র: বিবিসি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2013, 12:26 PM

Updated : 25 Apr 2022, 06:26 PM

চীনে নতুন নেতৃত্বের যাত্রা শুরুর আগে পার্লামেন্টের শেষ বার্ষিক অধিবেশনে দেশে স্থিতিশীল অর্থনীতি, দুর্নীতিবিরোধী অভিযান এবং আরো জনকল্যাণকর পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও।

একইসঙ্গে দীর্ঘ এক বক্তব্যে দেশে আরো ভারসাম্যপূর্ণ উন্নয়নের পথে এগুনোর আহ্বান জানান তিনি।

সরকারের কৃতকর্ম সম্পর্কে ওয়েনের জমা দেয়া প্রতিবেদন দিয়ে সাধারণত শুরু হয় পার্লামেন্ট অধিবেশন।এবারের অধিবেশনে ওয়েন শেষবারের মতো ২৯ পাতার প্রতিবেদন জমা দিচ্ছেন।

অধিবেশন শেষের পর ওয়েনের স্থলাভিষিক্ত হবেন লি কেকিয়াং।আর প্রেসিডেন্ট হু জিনতাও এর স্থলাভিষিক্ত হবেন কমিউনিস্ট পার্টি প্রধান শি জিনপিং।জিনপিং গত নভেম্বরে পার্টি প্রধান নির্ধারিত হন।

সরকারের অন্যান্য শীর্ষ পদগুলোতে কারা নিয়োগ পাচ্ছেন তাও জনগণ প্রত্যক্ষ করবে এ অধিবেশনের ওপর চোখ রেখেই।

ওয়েন তার ভাষণে বলেন, সব সরকারেরই কাজের লক্ষ্য হতে হবে জনকল্যাণ।সরকার কাজের শুরুতেই জনকল্যাণমূলক আরো পদক্ষেপ নেবে এবং তা নিশ্চিত করবে।পুরোপুরি প্রাধান্য পেতে হবে এ বিষয়টি।আর যথাসম্ভব চেষ্টা করে যেতে হবে সামাজিক উন্নয়ন জোরদারের।