২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন সংক্রমণে আক্রান্ত শ্যাভেজ

ভেনেজুয়েলার ক্যান্সার আক্রান্ত প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ নতুন একটি মারাত্মক ধরনের ফুসফুস সংক্রমণে আক্রান্ত হয়েছেন এবং এতে তার শ্বাস-প্রশ্বাসের সমস্যা আরো বেড়েছে।

রয়টার্স

সূত্র :

রয়টার্স

Published : 05 Mar 2013, 06:14 AM

Updated : 23 Aug 2022, 10:19 AM

সোমবার ভেনেজুয়েলা সরকার এ খবর জানিয়েছে।

গত ১১ ডিসেম্বর, কিউবায় ক্যান্সারের চতুর্থ অস্ত্রোপচারের পরপরই ফুসফুস সংক্রমণে আক্রান্ত হয়েছিলেন ভেনেজুয়েলার জনপ্রিয় প্রেসিডেন্ট শ্যাভেজ। তখন থেকে একটি বায়ুনলের মাধ্যমে তার শ্বাস-প্রশ্বাসের কাজ চালানো হচ্ছিল। ঠিকমতো কথাও বলতে পারছিলেন না তিনি।

গত মাসে হঠাৎ তিনি কিউবা থেকে স্বদেশ ভেনেজুয়েলায় ফিরে আসেন। তখন থেকে ভেনেজুয়েলার একটি সামরিক হাসপাতালে কিউবার চিকিৎসকদের তত্ত্বাবধানেই তার চিকিৎসা চলছে।

শ্যাভেজের শারীরিক পরীক্ষার সর্বশেষ দাপ্তরিক প্রতিবেদন পড়ে জানানোর সময় দেশটির তথ্যমন্ত্রী আর্নেস্টো ভিলেগাস বলেন, “৫৮ বছর বয়সী প্রেসিডেন্টের শারীরিক অবস্থা খুব সঙ্কটাপন্ন।”

তিনি বলেন, “আজ তার শ্বসন ক্রিয়ার আরো অবনতি হয়েছে। দুর্বল শারীরিক প্রতিরোধ ক্ষমতার কারণে আরেকটি নতুন মারাত্মক সংক্রমণে আক্রান্ত হয়েছেন তিনি।”

“অন্যান্য চিকিৎসার পাশাপাশি প্রেসিডেন্টকে উচ্চ-প্রতিক্রিয়ার কেমোথেরাপি দেওয়া হচ্ছে। তার শারীরিক অবস্থা খুব জটিলতার মধ্য দিয়ে যাচ্ছে।”

২০১১ সালে ভেনেজুয়েলার বামপন্থী প্রেসিডেন্ট শ্যাভেজের তলপেটে ক্যান্সার ধরা পড়ে।