২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে হামলায় ৪০ সিরীয় সেনা-কর্মকর্তা নিহত

ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে বন্দুকধারীদের হামলায় অন্তত ৪০ সিরীয় সেনা ও সরকারি কর্মকর্তা নিহত হয়েছে বলে জানিয়েছেন বাগদাদের কর্মকর্তারা।

রয়টার্স

সূত্র:

রয়টার্স

Published : 04 Mar 2013, 04:15 PM

Updated : 23 Aug 2022, 10:18 AM

সিরিয়ায় সরকার-বিরোধী বিদ্রোহীদের হামলা থেকে বাঁচতে গত সপ্তাহে ইরাকে পালিয়ে যাওয়া এই সিরীয় সেনা ও সরকারি কর্মকর্তাদের দলটিকে ইরাক কর্তৃপক্ষ আবার সিরিয়া সীমান্তে ফিরিয়ে নিয়ে যাওয়ার সময় তাদের ওপর এ হামলা হয়।

আনবার প্রদেশে এই সিরীয়দের বহনকারী গাড়িবহরে চোরাগোপ্তা হামলা চালায় বন্দুকধারীরা। হামলার দায় কেউ স্বীকার করেনি।

ইরাকের এ প্রদেশটিতে দু’মাসেরও বেশি সময় ধরে শিয়া নেতৃত্বধীন সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে সুন্নি মুসলিমরা।

প্রতিবেশী দেশ সিরিয়াতেও শিয়া ইরানের সমর্থনপুষ্ট শাসকগোষ্ঠীকে উৎখাতে প্রধানত লড়ছে সুন্নি মুসলিমরা।সিরিয়ার সংঘাত থেকে জাতিগত উত্তেজনা ছড়িয়ে পড়ছে ইরাক এবং মধ্যপ্রাচ্যজুড়ে।

ইরাকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, সিরীয় সেনা-কর্মকর্তাদের দলটিকে আল ওয়ালিদ বর্ডার ক্রসিংয়ে নিয়ে যাওয়ার সময় আকাশাত এলাকায় গাড়িবহরের ওপর হামলা হয়।

এতে ৪০ জন নিহত হয়। নিহতদের মধ্যে গাড়িবহর পাহারায় থাকা ইরাকি সেনারাও রয়েছে।

সিরিয়ার বিদ্রোহীরা সীমান্তবর্তী ইয়ারাবিয়া শহরের সীমান্ত ক্রসিং দখল করে নেয়ার পর প্রায় ৬৫ জন সিরীয় সেনা ও কর্মকর্তা গত শুক্রবার পালিয়ে গিয়ে ইরাক কর্তৃপক্ষের কাছে ধরা দেয়।এরপরই ইরাক কর্তৃপক্ষ তাদেরকে দক্ষিণে সুন্নি মুসলিম অধুষ্যিত এলাকায় আরেকটি সীমান্ত ক্রসিং এ নিয়ে যাচ্ছিল।

আনবার প্রাদেশিক পরিষদের সদস্য হিকমাত সুয়েলইমান আয়াদি হামলায় নিহতের সংখ্যা ১৪ ইরাকিসহ ৬১ বলে জানিয়েছেন।আহত আরো অনেককে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানান তিনি।