হাসপাতালে রানির দ্বিতীয় দিন
পেটের পীড়ায় আক্রান্ত যুক্তরাজ্যের রানি এলিজাবেথ হাসপাতালে দ্বিতীয় দিন অতিবাহিত করছেন। সেখানে তিনি বিশ্রাম নিচ্ছেন। প্রায় ১০ বছর পর তিনি পুনরায় হাসপাতালে গেলেন। ২০০৩ সালে একটি অস্ত্রোপচারের জন্য তাকে হাসপাতালে যেতে হয়।
এরআগে রোববার বাকিংহাম প্যালেসের একজন মুখপাত্র জানান, গ্যাস্ট্রোএনটেরাইটিস বা পাকস্থলির প্রদাহের লক্ষ্মণ দেখা দেয়ায় ৮৬ বছর বয়সী রানিকে লন্ডনের কিং এডওয়ার্ড (সপ্তম) হাসপাতালে ভর্তি করা হয়।
শুক্রবার রাতে রানি প্রথম প্রথম অসুস্থ বোধ করেন বলে জানা গেছে। কিন্তু এই অসুস্থতা বেড়ে যাওয়ায়, লন্ডনের স্থানীয় সময় রোববার বিকেল ৩টায় একটি গাড়িতে করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এই অসুস্থতার কারণে আগামী সপ্তাহের রোম সফরসহ রানির সব ধরনের দাপ্তরিক কাজ স্থগিত অথবা বাতিল করা হয়েছে বলে তার মুখপাত্র জানান।
তিনি বলেন, গ্যাস্ট্রোএনটেরাইটিসের লক্ষ্মণ থাকলেও রানির স্বাস্থ্যের অবস্থা ভাল। আগাম সতর্কতা হিসাবেই তাকে হাসপাতালে নেয়া হয়েছে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন রানির প্রতি শুভেচ্ছা জানিয়েছেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করে একটি টুইট করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, রানি এলিজাবেথকে আরো দুদিন হাসপাতালে থাকতে হতে পারে।
গত বছর সিংহাসনে আরোহণের ৬০ বছর পূর্ণ করা ব্রিটিশ রানি এমনিতে সুস্বাস্থ্যের অধিকারী। এর আগে সর্বশেষ তাকে হাসপাতালে যেতে হয়েছিল ২০০৩ সালে। সে সময় তার হাঁটুতে ছোট একটি অস্ত্রোপচার হয়।
