২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় অস্ত্র সাহায্য নাকচ করছে না যুক্তরাজ্য

সিরিয়ার বিদ্রোহীদেরকে ভবিষ্যতে অস্ত্র সাহায্য দেয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না যুক্তরাজ্য।যদিও আপাতত সিরিয়ার বিদ্রোহীদের জন্য চিকিৎসা সহায়তার মতো সাহায্যই এ সপ্তাহে ঘোষণা করবে দেশটি।ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ একথা বলেছেন।

রয়টার্স

.

রয়টার্স

Published : 03 Mar 2013, 03:41 PM

Updated : 23 Aug 2022, 10:18 AM

তিনি বলেন, “সিরিয়ার পরিস্থিতি এখন গোটা অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য অত্যন্ত বিপজ্জনক। বিশ্ব এ পরিস্থিতিকে অগ্রাহ্য করতে পারে না।”

যুক্তরাজ্য সিরিয়া অঞ্চলে কয়েক দশক ধরে নেতিবাচক ভূমিকা পালন করে এসেছে এবং সিরিয়া সমস্যার সামরিকীকরণ করতে চাইছে বলে ‘দ্য সানডে টাইমস’ এ প্রেসিডেন্ট বাশার আল আসাদের কড়া সমালোচনার পর উইলিয়াম হেগ এ অবস্থান জানালেন।

প্রেসিডেন্ট আসাদকে অপসারণের কূটনৈতিক প্রচেষ্টায় দৃঢ় সমর্থন দিয়ে আসলেও পশ্চিমা দেশগুলো এখন পর্যন্ত বিদ্রোহীদের অস্ত্র সহায়তা দেয়া থেকে বিরত রয়েছে।

সিরিয়ার বিদ্রোহীরা সম্প্রতিক সময়ে প্রতিবেশী দেশ তুরস্ক এবং জর্ডান থেকে অস্ত্র পাচ্ছে বলে জানানো হয়েছে রয়টার্স ও অন্যান্য গণমাধ্যমের প্রতিবেদনে।অস্ত্র ক্রয়ের জন্য তহবিল আসছে সম্পদশালী সৌদি আরব কিংবা কাতারের মতো দেশগুলো থেকে।

ওয়াশিংটন বৃহস্পতিবার সিরিয়ার বিদ্রোহীদেরকে খাদ্য ও চিকিৎসা সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে।একইসঙ্গে তহবিল সহায়তা দেয়ারও ঘোষণা দিয়েছে তারা।

ওদিকে, যুক্তরাজ্যও অতীতে সিরিয়ার বিদ্রোহীদের এ ধরনের সাহায্য দেয়ার প্রস্তাব করেছে। এ সপ্তাহে পার্লামেন্টে সিরিয়ার বিদ্রোহীদের জন্য আরো সাহায্য ঘোষণা করবেন হেগ।

তবে আপাতত অস্ত্র সাহায্য দেয়া হবে না বলে জানালেও এক সাক্ষাৎকারে হেগ বলেন, তিনি এ সপ্তাহে সিরিয়ার বিদ্রোহীদের জন্য অস্ত্র সহায়তা ঘোষণা করছেন না; কিন্তু ভবিষ্যতে এমন কোনো কিছুর সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না।