ভারতে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম
এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারে মত আবারও জ্বালানি তেলের দাম বাড়িয়েছে ভারতের রাষ্ট্রনিয়ন্ত্রিত সবচেয়ে বড় তেল কোম্পানি ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন।
প্রতি লিটার পেট্রলের দামের সাথে শনিবার মধ্যরাত থেকে কর ছাড়াই ১.৪০ রুপি সংযোজন করা হয়েছে। ফলে জ্বালানি তেলের দাম বেড়ে দিল্লিতে ৭০.৪৬, মুম্বাইয়ে ৭৭.২৯ এবং চেন্নাইয়ে ৭৩.৫৭ রুপি দাঁড়াচ্ছে।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধির পাশাপাশি রুপির মান কমায় এ দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।
এক বিবৃতিতে কোম্পানিটি জানায়, সর্বশেষ আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারল তেলের দাম ১২৮.৫৭ ডলার থেকে বাড়িয়ে ১৩১ ডলার করা হলেও এর বিপরীতে রুপির মূল্য প্রতিডলারের বিপরীতে ৫৩.৪৩ থেকে বেড়ে ৫৪.১৭ রুপি হওয়ায় অর্থাৎ রুপির মান কমে যাওয়ায় এক সপ্তাহের মধ্যে এ দাম দ্বিতীয় বারের মত আবারও বাড়ানো হল।
এর আগে, ১৫ ফেব্রুয়ারি প্রতি লিটার তেলের দামের সাথে ১.৫০ রুপি যোগ করা হয়।
ডিজেল, রান্নার গ্যাস এবং কেরোসিন বিক্রির ক্ষেত্রে ভর্তুকি দিয়ে রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানিগুলো প্রতিদিন প্রায় সাড়ে চারশ’ কোটি রুপি হারাচ্ছে। ফলে প্রতি বছর প্রায় দেড়লাখ কোটি রুপির লোকসান দিচ্ছে ভারত।
