সরকার গঠনে নেতানিয়াহুর সময় প্রার্থনা
জোট সরকার গঠনে সম্ভাব্য মিত্রদের সঙ্গে আলোচনায় অচলাবস্থার কারণে এবং সম্ভাব্য আকস্মিক নির্বাচন এড়াতে আরো সময় প্রার্থনা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
শুক্রবার ইসরায়েলি কর্মকর্তারা এ খবর জানিয়েছেন।
২২ জানুয়ারি ইসরায়েলের সাধারণ নির্বাচনে নেতানিয়াহুর ডানপন্থী দল অল্প ব্যবধানে জয় পায়। নির্বাচনী ফলাফল ঘোষণার পরবর্তী চার সপ্তাহের মধ্যে জোট সরকার গঠনের নিয়ম থাকলেও তা পার হয়ে যাওয়ার মুখেও নতুন সরকার গঠন করতে পারেননি নেতানিয়াহু।
কর্মকর্তারা জানিয়েছেন, সরকার গঠনের সময় আরো দুই সপ্তাহ বাড়ানোর আবেদন নিয়ে শনিবার প্রেসিডেন্ট শিমন পেরেজের সঙ্গে দেখা করবেন নেতানিয়াহু।
প্রেসিডেন্ট পেরেজ নেতানিয়াহুর আবেদন গ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে।
তবে আগামী ১৬ মার্চের মধ্যে নেতানিয়াহু সরকার গঠনে ব্যর্থ হলে, সরকার গঠনের দায়িত্ব বিরোধীদলীয় নেতার হাতে তুলে দেবেন প্রেসিডেন্ট। বিরোধীদলীয় নেতাও যদি সরকার গঠনে ব্যর্থ হন তাহলে ইসরায়েলকে আবার সাধারণ নির্বাচন অনুষ্ঠান করতে হতে পারে।
ইসরায়েলি পার্লামেন্ট নেসেতের ১২০টি আসনের মধ্যে নেতানিয়াহুর লিকুইদ-বেইতেনু দল ৩১টি আসন পেয়ে এগিয়ে থাকলেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। নির্বাচনে দ্বিতীয় ও তৃতীয় স্থান দখলকারী ইয়েশ আতিদ ও বেইত ইয়েহুদি নেতানিয়াহুর জোটে যোগ দিতে কঠোর শর্তারোপ করেছে।
দলদুটি বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ নেওয়ার বিষয়টি ইচ্ছামূলক করার ও কট্টর ইহুদিদের কল্যাণ ভাতা বন্ধ করার শর্ত দিয়েছে।
চলতি মার্চের শেষ দিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বরাক ওবামার ইসরায়েল সফরের কথা রয়েছে। কিন্তু নতুন সরকার এখন গঠিত না হওয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সফর নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে।
