থাই সরকার-বিদ্রোহী চুক্তির পর বোমা হামলা
থাইল্যান্ড সরকার দেশের দক্ষিণাঞ্চলীয় মুসলিম বিদোহী দলগুলোর সঙ্গে শান্তি আলোচনার জন্য চুক্তিবদ্ধ হওয়ার পরদিনই এ বোমা হামলা হল।মটরসাইকেলে পেতে রাখা এ বোমায় ৬ জন আহত হয়েছে।
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে নারাথিওয়াট প্রদেশে একটি বাজারের বাইরে শুক্রবার মটরসাইকেলে পেতে রাখা বোমা বিস্ফোরণে ৬ জন আহত হয়েছে।হামলার দায় কেউ স্বীকার করেনি ।
এর আগে নারাথিওয়াটের পুলিশ স্টেশনের সামনে একটি গাড়িবোমা বিস্ফোরণ ঘটে।তবে এতে কেউ আহত হয়নি।
থাই সরকার দেশের দক্ষিণাঞ্চলীয় মুসলিম বিদোহী দলগুলোর সঙ্গে আগামী মাসে প্রথমবরের মতো আনুষ্ঠানিকভাবে শান্তি আলোচনায় বসার জন্য বৃহস্পতিবার চুক্তি সইয়ের পরই এ হামলা হল।
স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বলেছেন, সরকারকে নিজেদের শক্তি সম্পর্কে ধারণা দিতে বিদ্রোহীরা শুক্রবার হামলা চালিয়েছে বলে মনে করছেন তারা।
ওদিকে, এ বোমা হামলাকে বিচ্ছিন্ন ঘটনা আখ্যা দিয়ে থাই প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা বলেছেন, এ হামলায় সরকারের কোন সংশ্লিষ্টতা নেই।
আর বিদ্রোহীদের সাথে চুক্তি হওয়ার মানে সহিংসতা খুব শিগগিরই থেমে যাচ্ছে তাও নয়, বলেছেন তিনি।
বৃহষ্পতিবার মালয়শিয়ার কুয়ালালামপুরে থাইল্যান্ডের জেষ্ঠ্য সরকারী কর্মকর্তাদের সঙ্গে বিদ্রোহী গ্রুপ বারিসান রিভোলুসি ন্যাশনালের সদস্যরা শান্তি আলোচনা নিয়ে একটি চুক্তি সই করেন।
দেশটির দক্ষিণাঞ্চলে অবনতিশীল সংঘর্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে থাই সরকার। ২০০৪ সাল থেকে ওই অঞ্চলে মুসলিম বিদ্রোহী তঃপরতায় অন্তত পাঁচ হাজার মানুষ নিহত হয়েছে।
