২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিশেষজ্ঞ পর্যায়ে’ পরমাণু আলোচনার জন্য ইরান ও বিশ্বশক্তি একমত

বিশেষজ্ঞ পর্যায়ে আলোচনায় সম্মত হওয়ার মধ্য দিয়ে কাজাখস্তানের আলমাতিতে অনুষ্ঠিত ইরানের সঙ্গে বিশ্বের শক্তিধর ছয় জাতির দুদিনব্যাপী আলোচনা বুধবার শেষ হয়েছে।

রয়টার্স

সূত্র :

রয়টার্স

Published : 27 Feb 2013, 09:36 AM

Updated : 23 Aug 2022, 10:16 AM

বিশেষজ্ঞ পর্যায়ে পরবর্তী আলোচনার জন্য তুরস্কের ইস্তাম্বুলে বসতে দুপক্ষ সম্মত হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় প্রেস টেলিভিশন।

ইরানের পরমাণু প্রকল্প নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ নিরসন করতে মঙ্গল ও বুধবার আলমাতিতে দুপক্ষের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

দুদিনের এ বৈঠকে পরমাণু সমৃদ্ধকরণের গতি হ্রাস করার বিনিময়ে ইরানের বিরুদ্ধে আরোপিত বাণিজ্যিক নিষেধাজ্ঞা আংশিক প্রত্যাহার করার প্রস্তাব দিয়েছে পশ্চিমা শক্তিগুলো। এ প্রস্তাবের বিষয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত কিছু জানায়নি ইরান।

পরমাণু প্রকল্পের মাধ্যমে ইরান পরমাণু বোমা তৈরি করছে বলে সন্দেহ করছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও পশ্চিম জার্মানির মতো পশ্চিমা শক্তিগুলো। সম্প্রতি ইরানের বিরুদ্ধে কঠোর পশ্চিমা বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপিত হলে পরমাণু প্রকল্পে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের গতি বৃদ্ধি করে ইরান।

ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাধ্যমে ইরান পরমাণু বোমা তৈরি করে ফেলতে পারে, এ আশঙ্কায় শঙ্কিত পশ্চিমা শক্তিগুলো ইউরেনিয়াম সমৃদ্ধকরণের গতি হ্রাস করার বিনিময়ে ইরানকে বাণিজ্যিক নিষেধাজ্ঞা ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছে।

পশ্চিমাদের জোর সন্দেহ সত্ত্বেও নিজেদের পরমাণু প্রকল্পকে শান্তিপূর্ণ উদ্দেশ্যে নিয়োজিত বলে দাবী করে আসছে ইরান।

ইরানের সঙ্গে ছয়জাতি পরমাণু আলোচনায় পশ্চিমা বিশ্বশক্তিগুলো ছাড়াও অপর দুই বিশ্বশক্তি রাশিয়া ও চীন অংশ নিয়ে থাকে।