২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালিতে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ৭

মালির উত্তরাঞ্চলীয় কিদাল শহরে সম্ভাব্য উগ্রপন্থী ইসলামি জঙ্গিদের গাড়িবোমা হামলায় সাতজন নিহত হয়েছে। গত এক সপ্তাহের মধ্যে মালিতে এটি দ্বিতীয় গাড়িবোমা হামলা।

রয়টার্স

সূত্র :

রয়টার্স

Published : 27 Feb 2013, 06:18 AM

Updated : 23 Aug 2022, 10:16 AM

মঙ্গলবার এ খবর জানিয়েছে মালির তুয়ারেগ বিদ্রোহী গোষ্ঠী এমএনএলএ।

মালি সেনাবাহিনীর মুখপাত্র মোদিবো নামা কিদালে গাড়িবোমা বিস্ফোরণের ঘটনাটি নিশ্চিত করলেও বিস্তারিত কিছু জানাতে পারেননি।

এক বিবৃতিতে এমএনএলএ জানিয়েছে, কিদাল থেকে উত্তরপূর্ব দিকে চলে যাওয়া একটি সড়কের মুখে এমএনএলএ’র একটি তল্লাশি চৌকিতে হামলাটি চালানো হয়েছে। আত্মঘাতী হামলাকারী একটি ফোর হুইল ড্রাইভ গাড়ি নিয়ে চৌকির সামনে এসে দাঁড়ালে এমএনএলএ’র যোদ্ধারা এগিয়ে যায়, এ সময় হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটায়।

এতে এমএনএলএ’র সাত যোদ্ধা নিহত ও বেশ কয়েকজন আহত হয়।

বিস্ফোরণে তিনটি গাড়িও বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে মালির গোয়েন্দার সংস্থার একটি সূত্র।

এর আগে বৃহস্পতিবার কিদালে অপর একটি গাড়িবোমা বিস্ফোরণে দুইজন নিহত হয়। এছাড়া শুক্রবার মালি-আলজেরিয়া সীমান্তের খলিল শহরে অপর এক গাড়িবোমা বিস্ফোরণে আরো পাঁচজন নিহত হয়।

দুইটি হামলারই দায় স্বীকার করেছে আল কায়েদার সঙ্গে সম্পর্কিত উত্তর আফ্রিকার জঙ্গিরা।

গত বছর জঙ্গিরা মালির উত্তরাঞ্চল দখল করে নিয়ে বছরের শেষ দিকে রাজধানী বামাকোর দিকে অগ্রসর হতে থাকে। জঙ্গিদের ক্রমবর্ধমান শক্তি বৃদ্ধিতে উদ্বিগ্ন ফ্রান্স মালিতে হস্তক্ষেপ করে। জঙ্গিদের বিরুদ্ধে মালির সেনাদের সহায়তায় দেশটিতে ৪ হাজার ফরাসি সেনা মোতায়েন করা হয়।

ফরাসি ও মালির সেনাবাহিনীর যৌথ অভিযানে মাত্র এক সপ্তাহের মধ্যে মালির উত্তরাঞ্চল জঙ্গিমুক্ত হয়। তখন থেকে উত্তরাঞ্চলীয় সীমান্তের কিদাল শহরটি ফরাসি সেনাদের দখলে আছে।

কিদাল মালির উত্তর সীমান্তের ইফোগাস পর্বতমালার পাদদেশের একটি শহর। উত্তরাঞ্চল ছেড়ে পালিয়ে যাওয়া জঙ্গিরা ইফোগাস পর্বতমালায় আশ্রয় নিয়ে আছে। তুয়ারেগ বিদ্রোহীদের সহায়তায় সেখানে জঙ্গীদের বিরুদ্ধে ফরাসি ও চাদের সেনারা অভিযান চালাচ্ছে।