২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কবীর সুমনের মেইল ‘হ্যাকড’

পশ্চিমবঙ্গের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কবীর সুমনের ই মেইল অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, যার পেছনে বাংলাদেশের জামায়াতে ইসলামীর হাত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন তিনি।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কলকাতা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2013, 04:38 AM

Updated : 23 Aug 2022, 10:16 AM

Image
কবীর সুমন

কবীর সুমন

সুমনের বন্ধুরা তার ই মেইল ঠিকানা থেকে এমন কিছু বার্তা পেয়েছেন, যাতে বলা হয়েছে, এক তুতো ভাইয়ের অসুস্থতার কারণে সুমন মাদ্রিদে অবস্থান করছেন এবং জরুরি ভিত্তিতে তার মোটা অংকের টাকা প্রয়োজন।  

ভারতীয় পার্লামেন্টে কলকাতার যাদবপুর আসনের এই প্রতিনিধি বাজেট অধিবেশনের কারণে বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন।

সেখানে তিনি সাংবাদিকদের বলেন, “২৮ ফেব্রুয়ারি বাজেট অধিবেশন শেষ করে আমি কলকাতা ফিরছি। তারপর পুলিশের কাছে আমি সাইবার অপরাধ আইনে একটি অভিযোগ দায়ের করব।” 

এই শিল্পী-রাজনীতিবিদের বিশ্বাস, তার ই মেইল হ্যাককারী ভারতের কেউ নয়।

একাত্তরের যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি এবং জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবিতে গত ৫ ফব্রুয়ারি ঢাকার শাহবাগে আন্দোলন শুরুর পর থেকে ওই আন্দোলনের প্রতি পূর্ণ সংহতি জানিয়ে আসছেন সুমন। বাংলাদেশের গণজাগরণ নিয়ে চারটি গানও বেঁধেছেন তিনি।

সুমনের নিজস্ব ওয়েবসাইটে পোস্ট করা এসব গান অনুপ্রেরণা যোগাচ্ছে শাহবাগের আন্দোলনকারীদেরও।

সাংবাদিকদের তিনি বলেন, “আমার মনে হয় জামায়াত এ নিয়ে খুবই আপসেট। ওরাই আমার ই মেইল হ্যাক করেছে আর আমাকে বিব্রত করার জন্য মেইলি পাঠাচ্ছে।”

এই ঘটনার পর সতর্ক হওয়া প্রয়োজন বলেও মনে করছেন দুই বাংলার জনপ্রিয় এই শিল্পী।

ভারতীয় পার্লামেন্টের এই সদস্যের নামে পাঠানো ই মেইলে বলা হচ্ছে, ভাইয়ের অস্ত্রোপচারের ব্যবস্থা করতে তার জরুরি ভিত্তিতে আড়াই হাজার ইউরো প্রয়োজন। এই অর্থ ঋণ হিসাবে পাঠানোর জন্য মেইলের প্রাপককে অনুরোধ করা হয়েছে ওই বার্তায়। 

এই মেইল পেয়ে গত ২৪ ঘণ্টায় অসংখ্য বন্ধু, স্বজন সুমনকে ফোন করে উদ্বেগ প্রকাশ করেছেন এবং সহায়তা করতে চেয়েছেন।

কিন্তু বিব্রত সুমন সবাইকে জানিয়েছেন, মাদ্রিদে নয়, তিনি দিল্লিতে রয়েছেন। আর টাকা চেয়ে মেইলটি তার পাঠানো নয়।