মিশরে পর্যটকবাহী বেলুন বিধ্বস্ত, নিহত ১৯
মিশরের দক্ষিণাঞ্চলীয় লুক্সর শহরের আকাশে পর্যটকবাহী একটি বেলুন বিধ্বস্ত হয়ে এশীয় ও ইউরোপীয় মিলিয়ে ১৯ পর্যটক নিহত হয়েছে। বেলুনটিতে ২০ জন পর্যটক ছিলেন।
মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে মিশরের নীল টিভি।
নিহতদের মধ্যে জাপান, হংকং,ব্রিটিশ ও ফরাসি পর্যটক রয়েছেন বলে নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে মেনা বার্তা সংস্থা।
বেঁচে গেছেন মাত্র একজন পর্যটক এবং পাইলট।
মিশরের এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, লুক্সরের পশ্চিম দিকের মাঠে বিধ্বস্ত হওয়ার আগে আগুন জ্বলতে দেখা গেছে ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
এ ঘটনার পর গ্যাস বেলুন ওড়া নিষিদ্ধ করার কথা জানিয়েছেন লুক্সরের কর্মকর্তারা।
নীল নদের তীরের শহর লুক্সরে ফারাও আমলের অনেক প্রাচীন কীর্তি আছে। এটি অত্যন্ত জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র।
