২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনী ফলে ইতালিতে অচলাবস্থা

পার্লামেন্ট নির্বাচনের অপ্রত্যাশিত ফল অর্থনৈতিক সঙ্কটের ঝুঁকির মুখে থাকা ইতালিতে রাজনৈতিক অচলাবস্থা সৃষ্টি করেছে। নির্বাচনে কৌতুকাভিনেতা বেপ্পে গ্রিল্লোর নেতৃত্বাধীন প্রতিষ্ঠানবিরোধী ফাইভ স্টার মুভমেন্ট সবচেয়ে শক্তিশালী দল হিসেবে উঠে আসলেও কোনো দল বা জোট একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি।

রয়টার্স

সূত্র:

রয়টার্স

Published : 26 Feb 2013, 07:19 AM

Updated : 25 Apr 2022, 06:25 PM

মঙ্গলবার নির্বাচনোত্তর পরিস্থিতিতে এ অনিশ্চয়তার প্রভাবে ধস নেমেছে দেশটির শেয়ার বাজারে। রাজনৈতিক এ অচলাবস্থার মুখে নতুন করে ঋণসঙ্কট দেখা দেয়ার আশঙ্কা করা হচ্ছে ইউরোজোনের দেশগুলোতে।

এ বছর ইউরোজোনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্র্ণ রাজনৈতিক প্রেক্ষাপট হিসাবেই দেখা হচ্ছিল ইতালির নির্বাচনকে।কিন্তু নির্বাচনী ফলে বিভক্ত সরকারের আলামত রাজনৈতিক স্থিতিশীলতায় হুমকি হয়ে দেখা দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

নির্বাচনী ফলে দেখা গেছে, একক দল হিসেবে সবচেয়ে বেশি ভোট পেয়েছে গ্রিল্লোর ফাইভ স্টার মুভমেন্ট। ২৫ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছে দলটি। ২৫ দশমিক ৪ শতাংশ ভোট পেয়ে এর পরেই আছে বারসানির নিজ দল ডেমক্রেটিক পার্টি।
মাত্র তিন বছরের মধ্যেই ফাইভ স্টার মুভমেন্ট ইতালির সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হয়ে চমক সৃষ্টি করেছে। জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেলসহ দুর্নীতিবাজ রাজনীতিবিদ ও ব্যাঙ্কারদের বিরুদ্ধে গ্রিল্লোর অবস্থান হতাশ বেকার তরুণদের আকৃষ্ট করেছে। তাদের সমর্থনেই দলটি এখন ইউরোপের অন্যতম আলোচিত দলে পরিণত হয়েছে।

নির্বাচনের সার্বিক ফলাফলে পিয়েরে লুইজি বারসানির নেতৃত্বাধীন মধ্য-বামপন্থী জোট পার্লামেন্টের নিম্নকক্ষে জয় পেয়েছে এবং উচ্চকক্ষ সিনেটে সবচেয়ে বেশি আসন পাওয়ার দাবি করেছে। কিন্তু সিনেটে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে।

ইতালির সেন্টার ফর ইলেকট্রোরাল স্টডিজের হিসাবমতে, নির্বাচনে বারসানির জোট ১২১টি, বার্লুসকোনির জোট ১১৭টি আসন, গ্রিল্লোর দল ৫৪টি আসন এবং মোন্তির মধ্যপন্থী জোট ২২টি আসন পেয়েছে।

কোনো দল বা জোট সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য প্রয়োজনীয় ১৫৮টি আসন না পাওয়ায় এককভাবে কেউ সরকার গঠন করতে পারবে না।

জয় দাবি করলেও পরিস্থিতিকে নাজুক বলে স্বীকার করেছেন বারসানি। মধ্য-বামপন্থী জোটের নেতারা সরকার গঠন করার চেষ্টা করবেন বলে আভাস দিলেও এক্ষেত্রে অন্য কোনো জোট বা দলের সমর্থন প্রয়োজন হবে তাদের।

কিন্তু অন্য কোনো দল বা জোটের সঙ্গে নতুন জোট গঠনের সম্ভাবনা আগেই বাতিল করেছেন নির্বাচনে তৃতীয় স্থান দখল করা ফাইভ স্টার মুভমেন্টের নেতা গ্রিল্লো। আর নির্বাচনের সার্বিক ফলাফলে দ্বিতীয় স্থানে থাকা সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনির মধ্য-ডানপন্থী জোটও কারও সঙ্গে জোট গঠনের আগ্রহ দেখায়নি।

এ অবস্থায় নির্বাচনে চতুর্থ স্থান পাওয়া বর্তমান অস্থায়ী প্রধানমন্ত্রী মারিও মোন্তির নেতৃত্বাধীন জোটের সঙ্গে বারসানির মধ্য-বামপন্থীর জোটের মিত্রতার মাধ্যমে সরকার গঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কিন্তু তাতেও ইতালির সঙ্কট কাটবে না বলেই ধারণা করা হচ্ছে। কারণ অর্থনৈতিক সঙ্কট কাটাতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম চালিয়ে নিতে শক্তিশালী সরকার প্রয়োজন, আর নীতিগত পার্থক্যের কারণে মিত্রজোট সরকারগুলো সাধারণত দুর্বল হয়ে থাকে।

ইউরোপীয় ইউনিয়নের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ইতালি। দেশটির আর্থিক সঙ্কট ২০১১ সালে ১৭ সদস্যের ইউরো জোনের একক মুদ্রা ইউরোকে প্রায় পতনের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল।আর সে কারণেই ইতালিতে রাজনৈতিক অচলাবস্থার লক্ষণে বিশ্ব অর্থবাজারে উদ্বেগ দেখা দিয়েছে।