ইতালির নির্বাচনে এগিয়ে মধ্য-বামপন্থীরা
ইতালির সাধারণ নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনির মধ্য-ডানপন্থিদের পেছনে ফেলে এগিয়ে গেছে মধ্য-বামপন্থীরা।বুথ ফেরত জরিপে এ ফল দেখা গেছে।
ইতালির নির্বাচনে বুথ ফেরত জরিপে এগিয়ে রয়েছে পিয়ের লুইজি বারসানির নেতৃত্বাধীন মধ্য-বামপন্থী ডেমক্রেটিক পর্টি (পিডি)।
সোমবার ভোটগ্রহণ শেষে স্কাই এবং রাই টিভির জরিপের ফলে দেখা যায়, বারসানির দল পিডি সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনির নেতৃত্বাধীন মধ্য-ডানপন্থী পিপল অফ ফ্রিডম (পিডিএল) এর চেয়ে ৫-৬ পয়েন্টে এগিয়ে রয়েছে।
দুই টিভির জরিপে মধ্য-বাম দলকে পার্লামেন্টের নিম্নকক্ষে ৫ দশমিক ৫ পয়েন্টে এবং সিনেটে ৬ পয়েন্টে এগিয়ে থাকতে দেখা যায়।
জরিপ অনুযায়ী, বারসানি জোট পেয়েছে ৩৮ শতাংশ ভোট। আর বার্লুসকোনির জোট ভোট পেয়েছে ৩১ শতাংশ।
স্কাই টিভির হিসাবে পার্লামেন্টের নিম্নকক্ষে বারসানির জোট পেয়েছে ৩৪ দশমিক ৫ শতাংশ, আর বার্লুসকোনির জোট পেয়েছে ২৯ শতাংশ সমর্থন। এছাড়া, কমেডিয়ান বেপ্পে গ্রিলিও’র নেতৃত্বাধীন ফাইভ স্টার মুভমেন্ট (এম৫এস) ১৯ শতাংশ সমর্থন পেয়ে তৃতীয় স্থানে রয়েছে।
বর্তমান তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী মারিও মোন্তির মধ্যপন্থী জোট মাত্র ৯ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছে বলে জরিপে আভাস পাওয়া গেছে।
বুথ ফেরত জরিপে আরো দেখা গেছে, দেশটির গুরুত্বপূর্ণ লুম্বার্দি রাজ্যে মধ্য বামপন্থী দল ও বার্লুসকোনির দল সমান সমান ভোট পেয়েছে।
তবে সিসিলি ও ক্যাম্পানিয়া রাজ্যে মধ্য-বামপন্থীরা এগিয়ে আছে। অপর রাজ্য ভেনেটোতে এগিয়ে আছে বার্লুসকোনির দল।
শাসনক্ষমতা পরিচালনার জন্য পার্লামেন্টের উচ্চ ও নিম্ন দুকক্ষেরই নিয়ন্ত্রণ করায়ত্ব করা জরুরি।বারসানির দল নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলে মোন্তির সঙ্গে জোট গড়ার চেষ্টা নিতে পারেন বলে মনে করছেন অনেকেই।
রোববার ইতালির সময় সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলে। সোমবারও একই সময় শুরু হয়ে বিকেল ৩টায় ভোট গ্রহণ শেষ হয়।
নির্বাচনে বর্তমান তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী মারিও মোন্তি ও সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনিই মূল প্রতিদ্বন্দ্বী।
এ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় শক্তিশালী একটি সরকার প্রতিষ্ঠার মাধ্যমে ইতালির অর্থনৈতিক সঙ্কট দূর হবে বলে আশা করা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের জন্য নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতালির অর্থনীতির ওপর ইউনিয়ন মুদ্রা ইউরোর ভবিষ্যৎ অনেকটা নির্ভরশীল।
তবে কারো কারো আশঙ্কা নির্বাচনে ‘ঝুলন্ত’ পার্লামেন্ট পেতে পারে ইতালি।
