২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধীদের সঙ্গে আলোচনায় প্রস্তুত সিরিয়া সরকার

সিরিয়া সরকার সশস্ত্র বিরোধীদের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত বলে সোমবার জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মৌয়ালেম। রাশিয়ার ইতার তাস বার্তা সংস্থা এ খবর দিয়েছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 25 Feb 2013, 10:27 AM

Updated : 25 Apr 2022, 06:24 PM

মস্কোয় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকের আগে মৌয়ালেম বলেন, “আলোচনা চায় এমন যে কারো সঙ্গেই আমরা সংলাপের জন্য প্রস্তুত.... এমনকি যাদের হাতে অস্ত্র আছে তাদের সঙ্গেও। কারণ, আমরা মনে করি রক্তক্ষয়ের মধ্য দিয়ে সংস্কার সম্ভব হবে না। কেবলমাত্র সংলাপের মধ্য দিয়েই তা হওয়া সম্ভব।”

আলোচনার এই সম্ভাবনার ব্যাপারে ইতার তাস মৌয়ালেমের আর কোনো মন্তব্য জানায়নি। তাছাড়া, সংলাপ শুরুর জন্য সিরিয়া সরকার কোনো শর্ত দিয়েছে কিনা সে সম্পর্কেও পরিস্কার করে কিছু জানায়নি বার্তা সংস্থাটি।

মৌয়ালেমের উদ্ধৃতি দিয়ে ইতার তাস এর প্রতিবেদনে বলা হয়, “সিরিয়ায় সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ চলছে। আমরা শান্তি প্রতিষ্ঠায় অবিচল থেকে সন্ত্রাসের বিরুদ্ধে লড়ে যাব।”

সিরিয়ার সরকার বিরোধী ‘সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশন’ দেশে গৃহযুদ্ধ বন্ধে একটি শান্তিচুক্তি করা নিয়ে আলোচনায় বসতে রাজি হলেও তার আগে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পদত্যাগ এবং তাকে আলোচনায় অন্তর্ভুক্ত না করার দাবি জানিয়েছে।